কিছুদিন আগেই বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ঘোষণা করেন যে তিনি রাজনীতি ছাড়ছেন। এই নিয়ে রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে পর্যন্ত আলোড়নের সৃষ্টি হয়। এবার বিজেপির উপর ক্ষোভ জাহির করলেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। এমনকি, তিনি এও জানিয়ে দেন যে তিনি শীঘ্রই বিজেপি ছাড়ছেন।
একুশের নির্বাচনে বিজেপি গো-হারান হেরেছে। এর জেরে পদ্ম শিবিরে ভাঙনও তৈরি হয়েছে। নির্বাচনের আগে যারা মানুষের সেবা করার জন্য বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের আর কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল।
তবে অনিন্দ্য বিজেপির পুরনো সৈনিক। প্রায় তিন বছর আগে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। টালিগঞ্জের জন্য কিছু করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা হয়নি। উল্টে বর্তমানে তাঁর গলাতেই উল্টো সুর শোনা যাচ্ছে।
অনিন্দ্য জানান, টালিগঞ্জের নানান অন্যায় চোখের সামনে ঘটতে দেখেছেন তিনি। ভেবেছিলেন বিজেপিতে থাকলে হয়ত এসবের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবেন। কিন্তু এই দলে অনেকদিন থাকার পর তিনি অনুভব করেছেন, সেরকম কোনও সুযোগ তিনি পাচ্ছেন না বা পাবেনও না।
এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও নানান ক্ষোভ উগড়ে দেন অনিন্দ্য। টলিপাড়ার কলাকুশলীদের উদ্দেশে দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘রগড়ে দেব’। তাঁর এই মন্তব্য নিয়ে নির্বাচনের আগে বিতর্ক কম হয়নি। সেই মন্তব্যের বিরোধিতা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, রূপাঞ্জনারা।
এবার সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষের বিরোধিতা করেন অনিন্দ্যও। তাঁর কথায়, “আমি বরাবর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। দিলীপ ঘোষের মতো একজন নেতা যদি অভিনেতা-অভিনেত্রীদের রগড়ে দেব বলেন, তাহলে নিচু তলার কর্মীরা তা শুনে আরও খারাপ কিছু বলতেই পারেন”। অভিনেতার কথায়, বিজেপি বাংলাকে ঠিকমতো বোঝার চেষ্টাই করেনি। তাই বিজেপিতে থাকার আগ্রহ হারিয়েছেন তিনি, এমনটাই মত অনিন্দ্যর।





