নিয়োগ দুর্নীতিতে ধৃত জুন তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে যোগাযোগ ছিল টলি অভিনেতা বনি সেনগুপ্তের (Bonny Sengupta)। কুন্তলের থেকে টাকা নিয়েছিলেন বনি। এর জেরে গত সপ্তাহেই ইডির দফতর থেকে ঘুরে এসেছেন অভিনেতা। আর এরই মধ্যে টলিউডের একাংশই বনির মা পিয়া সেনগুপ্তের (Piya Sengupta) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দ্বারস্থ হলেন আদালতে।
টলিউডের কিছু পরিচালক ও প্রযোজকদের অভিযোগ, বনির মতো কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল পিয়া সেনগুপ্তেরও। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পা-র নির্বাচনে পিয়া সেনগুপ্তকে জেতানোর জন্য বিপুল টাকা ঢেলেছিলেন কুন্তল। এমনটাই দাবী করে এবার পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে আদালতে গেলেন টলিপাড়ার পরিচালক ও প্রযোজকদের একাংশ।
এই ইম্পা-রই সভাপতি বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন হয় এই সংগঠনের। অভিযোগ, সেই সময় পিয়াকে জেতাতে কুন্তল ঘোষ নিজে যেমন উপস্থিত ছিলেন, তেমনই আবার সেই নির্বাচনে অঢেল টাকাও ঢেলেছিলেন তিনি। সেই সময় অবশ্য শিক্ষা দুর্নীতিতে নাম জড়ায়নি কুন্তল ঘোষের। তবে জেলে তাঁকে জেরা করতেই এবার একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যদিও টলিপাড়ার এই অভিযোগকারী পরিচালক-প্রযোজকদের কথা মানতে নারাজ পিয়া সেনগুপ্ত।
পিয়া সেনগুপ্তের কথায়, “গোটা বিষয়টাই হাস্যকর। আর গুজব ছাড়া কিচ্ছু নয়! প্রচণ্ড নিম্নরুচির পরিচয়। দিনে দিনে বিষয়টা খুব সস্তা করে ফেলছে। যে এই সংগঠনের সদস্যই নন কোনওদিন, সে কী করে টাকা ঢালবে আর কেনই বা টাকা বিনিয়োগ করবে সমস্ত মিথ্যে কথা রটানো হচ্ছে”।
তবে বনি সেনগুপ্তর পর এবার তাঁর মা পিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই নেট দুনিয়ায় বেশ শোরগোল পড়েছে। নিন্দুক-সমালোচকদের মন্তব্য, “মা-ছেলে দুটোই ঠগবাজ”। আর এর জেরে যে সেনগুপ্ত পরিবার বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
বলে রাখি, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে মেলে বনি সেনগুপ্তের নাম। গত সপ্তাহে বনিকে ইডি তলব করলে জেরায় বনি কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন। তিনি জানান যে কুন্তল তাঁকে টাকা দিয়েছিলেন আর সেই টাকার বিনিময়ে তিনি কয়েকটা শো করেন। এমনকি কুন্তল ছবিরও অফার দিয়েছিলেন তাঁকে। সেই টাকা হাতে না নিয়ে সেই টাকা দিয়ে গাড়ি কিনেছিলেন বনি। তবে তাঁর কথায় অসঙ্গতি থাকায় আগামীকাল, মঙ্গলবার ফের তাঁকে তলব করেছে ইডি।





