‘রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আত্মহত্যা করতেন’, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নেশাখোরের আখড়া, পড়ুয়াদের তোপ অনুব্রতর

অনুব্রত মণ্ডলের শখ ছিল বিশ্বভারতীতে একটি মেডিক্যাল কলেজ তৈরি হবে। সেই শখের কথা জানান দিদিকে। সেই আবদার রেখেছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে মেডিক্যাল কলেজ তৈরির জন্য অনুমতি দিয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে এই কলেজ বেআইনি বলে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরই তোপ দাগলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

আজ, মঙ্গলবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ‍পশ্চিমবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দিয়ে অনুব্রত বলেন, “আমি দিদির কাছে আবদার করেছিলাম বিশ্বভারতীর মতো একটা মেডিক্যাল কলেজ আমার চাই। সেই কলেজে ছেলেমেয়েরা যাতে পড়তে পারে। আমার মেয়েকে বিশ্বভারতীতে পড়ানোর খুব ইচ্ছে ছিল। কিন্তু, পড়ানো হয়নি”।

এরপরই ক্ষোভ প্রকাশ করে তৃণমূল নেতা বলেন, “অবশ্য এখন বিশ্বভারতীর যা অবস্থা। ওখানকার ছেলেমেয়েরা যেভাবে নেশা করছে, রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আত্মহত্যা করতেন”। কার্যত, বিশ্বভারতীতে রাজনীতির অবসান  ঘটেনি। বারবার নানান সময়ে এই বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়েছে নানান বিতর্কে।

এদিন নিজের এই স্বপ্নের মেডিক্যাল কলেজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপিকে তুলোধোনা করেন তৃণমূল নেতা। এদিন তিনি আরও বলেন, “বোলপুরের ওই মেডিক্যাল কলেজটা আমার স্বপ্ন। দিদিকে বলেছিলাম। দিদি অনুমোদন দিয়েছেন। মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন কলেজ হবেই। কে কী বলল তাতে কিছু যায় আসে না”।

আসলে, বোলপুরে এই মেডিক্যাল কলেজ তৈরি হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ‘শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ’এর অনুমতি নিয়ে আপত্তি তুলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়াকে চিঠি লিখছেন রাজ্যের বিরোধী দলেনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবী, একটি বেসরকারি সংস্থা এই মেডিক্যাল কলেজ বানালেও এর পিছনে রয়েছেন অনুব্রত মণ্ডল। এমনকি, চিঠিতে অনুব্রতকে ‘অসৎ’ বলেও উল্লেখ করেছেন শুভেন্দু।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা এই চিঠিতে শুভেন্দুর আরও অভিযোগ বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার থেকে কয়লা পাচার, নানান কেলেঙ্কারিতে অভিযুক্ত। নানান কেন্দ্রীয় সংস্থা এই বিষয়ে তদন্ত করছে। তিনি এও জানিয়েছেন যে জমিতে মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছে, সেই জমির মালিকানা নিয়েও যথেষ্টও সংশয় রয়েছে।

এমনকি, শুভেন্দু এমনও অভিযোগ করেন যে অনুব্রতর প্রভাবেই বোলপুর মহকুমা হাসপাতালের চুক্তি হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হ্যেচভহে তৃণমূলের তরফে। তবে আজ, মঙ্গলবার শুভেন্দুর বিরুদ্ধে কোনও মন্তব্য করেন নি অনুব্রত মণ্ডল। তবে তিনি এও স্পষ্ট জানিয়েছেন যে বোলপুরে মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছেই।

RELATED Articles