অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল আদালত। তৃণমূল নেতাকে আরও চারদিন সিবিআই হেফাজতে থাকার নির্দেশ সিবিআই বিশেষ আদালতের। সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়েছিল অনুব্রতকে আরও চারদিন যাতে তাদের হেফাজতে রাখা যায়। সেই আবেদনেই সাড়া দিল আদালত।
সিবিআই জানায় যে অনুব্রতকে গ্রেফতার করার পর থেকেই তিনি তদন্তে সেরকম সহযোগিতা করেন নি। এই কারণেই তাঁকে আরও কিছুদিন নিজেদের হেফাজতে রাখতে চেয়েছিল সিবিআই। যদিও আজ, শনিবার নিজাম প্যালেস থেকে কমান্ড হাসপাতাল যাওয়ার সময় অনুব্রত জানান যে তিনি তদন্তে সহযোগিতা করেছেন।
আজ আসানসোল সিবিআই আদালতে সিবিআই আইনজীবী দাবী করেন যে অনুব্রতকে বারবার তলব করা হলেও তিনি হাজিরা দেন নি। এর পাল্টা অনুব্রতর আইনজীবী জানান যে অনুব্রত অসুস্থ ছিলেন। তাঁকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের কথা জানানো হয়েছিল সিবিআইকে।
এদিন সিবিআই আদালতে জানায় যে জামিন পেলে অনুব্রত তদন্তকে প্রভাবিত করতে পারেন। গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের সঙ্গেও যোগাযোগ ছিল অনুব্রতর। সিবিআইয়ের দাবী, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ফোনেই এনামুলের সঙ্গে কথা হত অনুব্রতর।
শুধু তাই-ই নয়, এদিন আদালতে অনুব্রতর সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলে সিবিআই। ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, চালকল নিয়ে প্রশ্ন তোলেন সিবিআই আধিকারিকরা। অনুব্রতর আইনজীবী জানান যে ওই ফিক্সড ডিপোজিট আসলে অনুব্রতর স্ত্রীর জীবনবীমার টাকা আর চালকল তাঁর শ্বশুরের দেওয়া।





