অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গত দু’বছর ধরে গরু পাচার মামলায় জেলে ছিলেন তিনি। সিবিআই ও ইডি দুজনেই গ্রেফতার করেছিল তাঁকে। এবার জেলমুক্তি অনুব্রতর। পুজোর আগেই বীরভূমে ফিরছেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।
এর আগে গরু পাচার কাণ্ডে সিবিআই মামলা থেকে জামিন পেয়েছিলেন তিনি। ইডির মামলা ঝুলছিল তাঁর মাথায়। আজ, শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর মামলার শুনানি ছিল। এদিন আদালত অনুব্রতর জামিন মঞ্জুর করে। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে বলে খবর।
গরু পাচার কাণ্ডে তিহাড় জেলে ছিলেন অনুব্রত মণ্ডলও। একই মামলায় ওই জেলেই ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। কিছুদিন আগেই জামিন পেয়েছেন সুকন্যা। এবার জামিনে মুক্ত অনুব্রতও। পুজোর আগেই তিনি ফিরছেন বীরভূমে। সম্ভবত আগামীকাল, শনিবার তাঁর জেলমুক্তি হতে পারে বলে খবর।
প্রসঙ্গত, ২০২২ সালে গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল জেলে ছিলেন তিনি। এরপর সিবিআইয়ের হেফাজতে থাকার পর তাঁর ঠাঁই হয় তিহাড় জেলে। এই একই মামলায় পরের দিকে ইডির হাতেও গ্রেফতার হন তিনি। দুই মামলাতেই জেল খাটছিলেন কেষ্ট।






