‘দিল্লি যাত্রা’ আটকাতে মরিয়া কেষ্ট! রাউস অ্যাভিনিউ কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দিল্লি হাইকোর্টে, শুনানির সম্ভাবনা আজই

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) গরু পাচার মামলায় (cattle smuggling case) শেষ পর্যন্ত দিল্লি যাবেন কী না, তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে। দিল্লি যাওয়া আটকাতে তৎপর কেষ্ট। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের (Delhi Rous Avenue Court) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হলেন তিনি। গরু পাচার মামলা তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আর্জি জানান অনুব্রত। আজ, বুধবারই সেই মামলার শুনানি রয়েছে।

গত সোমবার দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্ট রায় দেয় যে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারে ইডি। গত শনিবার এই মামলার শুনানি থাকলেও রায়দান স্থগিত ছিল। অবশেষে সোমবার অনুমতি দেয় রাউস অ্যাভিনিউ কোর্ট।

কিন্তু নাটকীয় ভাবে ঠিক এর পরদিনই অর্থাৎ গতকাল, মঙ্গলবার একটি পুরনো মামলায় অনুব্রতকে গ্রেফতার করে দুবরাজপুর পুলিশ। তাঁকে তোলা হয় দুবরাজপুর আদালতে। বছর খানেক আগে এক তৃণমূল কর্মীকে গলা টিপে ধরে খুন করার চেষ্টার মামলায় অনুব্রতকে সাতদিনের পুলিশি হেফাজত দেয় আদালত।

এর জেরে আপাতত সাতদিন ইডি কেষ্টকে দিল্লি নিয়ে যেতে পারবে না। এই গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন রয়েছে তিহার জেলে। অনুব্রতকেও সেখানে নিয়ে গিয়ে সায়গলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি।

মনে করা হচ্ছে, আসানসোল জেল থেকেই অনুব্রতকে দিল্লিতে তিহার জেলে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এরই মধ্যে বাধা হয়ে দাঁড়ায় রাজ্য পুলিশের গ্রেফতারি। আর এবার আবার দিল্লি যাওয়া আটকাতে দিল্লি হাইকোর্টে আর্জি জানালেন অনুব্রত। সেই কারণে তৃণমূল নেতার আদৌ দিল্লি যাওয়া হবে কী না, তা নিয়ে বেশ সংশয় রয়েছে।

RELATED Articles