বেশ জলঘোলা হচ্ছে এই ঘটনা নিয়ে। কোন ঘটনা আসলে সত্যি, আদৌ মুখ্যমন্ত্রীর উপর কোনও আক্রমণ করা হয়েছিল কী না, বা তা যদি হয়েও থাকে, কে বা কারা সেই আক্রমণ করল, এসব বিশদে জানতে এই ঘটনার জন্য সিবিআই তদন্ত দাবী করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। কারণ, এই ঘটনার জন্য তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকেই আঙুল তোলা হয়েছে।
গতকাল, বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া মন্দির থেকে ফেরার পথে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ৪-৫ জন ব্যক্তি তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর জেরেই তাঁর পায়ে চোট লাগে। আহত হওয়ার পর তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়িতে তোলে। রাতেই মুখ্যমন্ত্রীকে গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হয়। এমআরআই করা হয় বাঙ্গুর নিউরো সায়েন্স হাসপাতাল থেকে। এরপর তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার করা হয়েছে কিন্তু তাঁর শ্বাসকষ্ট রয়েছে।
আরও পড়ুন- হুইলচেয়ারেই প্রচারে বেরোবেন, হাসপাতালের বেডে শুয়ে বার্তা মমতার
গোটা এই ঘটনায় বিজেপিকে দোষারোপ করা হয়েছে তৃণমূলের তরফে। তাদের দাবী, বিজেপির ষড়যন্ত্রেই এমন ঘটনা ঘটেছে। তবে যেখানে এই ঘটনা ঘটে, সেখানকার স্থানীয় লোকেদের থেকে পাওয়া খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা দেয় নি। তাদের দাবী, দিদি গাড়ি থেকে নেমে নমস্কার করছিলেন। গাড়ির দরজা খোলা ছিল। সেই দরকা রাস্তার পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে এবং সেটাই দিদির গায়ে লেগে তিনি আহত হন। স্থানীয়দের দাবী, সেখানে কেউ ছিল না।
শুধু তাই-ই নয়, আজ সকালের এই ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টেও কোনও ষড়যন্ত্রের কথা উল্লেখ করা নেই। এরই মধ্যে নানান বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মমতার সুস্থতার কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরাও।
Posted by Anupam Hazra on Wednesday, 10 March 2021
আরও পড়ুন- বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?
তবে তিনি এও প্রশ্ন রেখেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন ঘটনা হয় কী করে? জেড ক্যাটেগরির পশ্চিমবঙ্গের পুলিশ মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ বলে অভিযোগও তোলেন তিনি। এরই সঙ্গে অনুপমের দাবী যে এই গোটা ঘটনার যেন সিবিআই তদন্ত করা হয়। তাহলে আসল সত্যি বের হবে বলে মনে করা হচ্ছে।
তবে শুধু অনুপমই নন, আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী তোলেন।





