পার্থর মতো অবস্থা হল না বালুর, মন্ত্রীপদ বজায় থাকল জ্যোতিপ্রিয়র, ‘বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে’, দাবী মমতার

এখনও পর্যন্ত বনমন্ত্রী রইলেন রেশ  দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকই। আজ, বুধবার মন্ত্রিসভার বৈঠকে তাঁর দফতর বণ্টন নিয়ে কোনও আলোচনা হয়নি। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার থেকে সেই মন্ত্রক সামলাচ্ছিলেন বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন জ্যোতিপ্রিয়র মন্ত্রিত্ব নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনও আলোচনা না হওয়ায় ধরে নেওয়া হচ্ছে বীরবাহাই এই মন্ত্রক আপাতত সামলাবেন কিন্তু মন্ত্রী পদে থাকবেন বালুই।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই মন্ত্রিত্ব খুইয়েছিলেন তিনি। দলের পদ থেকেও বহিষ্কার করা হয় তাঁকে। তবে বালুর ক্ষেত্রে সেই নিয়ম খাটল না। বরং এর উল্টোটাই হল। মন্ত্রিত্বও বজায় থাকল তাঁর আর দলনেত্রীর সমর্থনও পেলেন তিনি।

এদিনের এই বৈঠকে ফের একবার বনমন্ত্রী সমর্থনে কথা বলতে শোনা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে”। এদিন ইডি ও সিবিআইয়ের ‘বাড়াবাড়ি’ নিয়ে সরব হন মমতা। তিনি এদিন জ্যোতিপ্রিয়কে ফাঁসানো হয়েছে বলে যেভাবে সুর চড়ালেন, তাতে বেশ স্পষ্ট যে গোটা দলই বালুর পাশেই রয়েছে।

জ্যোতিপ্রিয়কে মন্ত্রীপদ থেকেও সরানো হয়নি, আর উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির পদ থেকেও সরায়নি দল। তবে সামনেই লোকসভা নির্বাচন। এই সময় তৃণমূলের সাংগঠনিক কাজকর্মে যাতে অসুবিধা না হয়, সেদিকেও নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে যে সাংগঠনিক দায়িত্ব জ্যোতিপ্রিয় সামলাতেন, সেই দায়িত্বগুলি উত্তর ২৪ পরগনারই অন্য মন্ত্রীদের দেওয়া হয়েছে। সুজিত বোস, পার্থ ভৌমিকরা বাড়তি সাংগঠনিক দায়িত্ব পেতে চলেছেন বলেই মনে করা হচ্ছে।

এদিনের এই বৈঠক থেকে দীপাবলির সময় আইনশৃঙ্খলা বজায় রাখার দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ প্রশাসন নিজেদের মতো কাজ করলেও, তারা যেন নিজেদের এলাকায় নজরদারি চালান। মমতার আশঙ্কা, লোকসভা ভোটের আগে রাজ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসা ছড়ানো হতে পারে।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর