গতকালই বোলপুর সফর শেষ করে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ফেরার আগেই আচমকা শান্তিনিকেতন লাগোয়া বল্লভপুর ডাঙ্গা নামে একটি আদিবাসী পাড়ায় পৌঁছে চায়ের দোকানে গিয়ে আলু-বরবটির তরকারি রান্না করতে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। এলাকার মহিলাদের সঙ্গে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধাগুলো নিয়েও তিনি আলোচনা করেন। যা নিয়ে এখনও চলছে রাজনৈতিক চাপানউতোর।
আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজের বিরুদ্ধেই এবার তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক ডঃ অনুপম হাজরা। তিনি সাম্প্রতিক ফেসবুক পোস্টে বলেছেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন খুব ভালো কথা কিন্তু মজার ব্যাপার হলো তিনি যখন আলু বরবটির তরকারি রান্না করছেন তখন বাবু বাগদির পরিবারের সদস্যদের তিনি জিজ্ঞাসা করেছিলেন যে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছেছে কিনা। তখনই জানা যায় যে বাবু বাগদির বাড়িতে এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়নি। ২০২০ সাল শেষ হতে চলল, যখন মানুষ চাঁদে জমি কিনতে শুরু করেছে তখন ওই পরিবারে ন্যূনতম সরকারি পরিষেবা বিদ্যুৎ পৌঁছায়নি।” তার আরও বক্তব্য যে, ২০১১ সাল থেকে ক্ষমতায় এসে মমতা শান্তিনিকেতনের মতো আন্তর্জাতিক পর্যটন স্থল এর পাশের গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে পারেননি তাহলে তিনি কী উন্নয়ন করেছেন এ কথা বোঝাই যাচ্ছে।
যদিও তিনি জানিয়ে দিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু নিজেই ওই হতদরিদ্র পরিবারকে চিহ্নিত করে ফেলেছেন তাই বিজেপি যে করেই হোক ওই ব্যক্তির বাড়িতে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেবে।
এছাড়াও ওই আদিবাসী গ্রামের মহিলারা মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছিলেন যে তাদের গ্রামে এখনো সরকারি প্রকল্পের শৌচালয় তৈরি হয়নি। তাদেরকে শৌচকর্মের জন্য উন্মুক্ত জায়গাতেই যেতে হয়।যা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।





