‘আমি নাকি বিজেপি করি, উত্তরটা আমি মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে নেব…’, অরিত্রর বাড়িতে হামলা তৃণমূল দুষ্কৃতীদের

অনেক ছোটো বয়স থেকেই অভিনয় করছেন তিনি। দেব-জিৎ তো বটেই, মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গেও তাঁর খুনসুটি এক সময়ে মন কেড়েছিল সকলের। তবে এখন তিনি অভিনয় থেকে অনেক দূরে। সেভাবে পর্দায় দেখা মেলে না তাঁর। তবে ক্যামেরার পিছনে এখন কাজ করেন অরিত্র দত্ত বণিক।

সমাজের নানান বিষয় থেকে শুরু করে রাজনীতি, দেশের আইনব্যবস্থা নানান বিষয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত রাখেন অরিত্র। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের নেতা নন তিনি তবে শাসক দলকে বেশ কড়াভাবেই কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। সাম্প্রতিক আর জি করের ঘটনা নিয়েও নানান মন্তব্য করেছেন তিনি। আর সেই কারণেই কী অরিত্রর পরিবারকে আক্রমণ করা হল, উঠছে প্রশ্ন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিত্র জানান, তাঁর বাড়ি, রার পরিবারের উপর আক্রমণ করা হয়েছে। তিনি বিজেপি করেন, এই অভিযোগ করে নাকি তাঁর বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছে। অরিত্র পোস্টে লেখেন, “আমি নাকি বিজেপি করি, তাই আমার অবর্তমানে আক্রমণ করা হলো আমার বাড়ির একটি ঘর, দীর্ঘদিন ধরে ঘরটি দখল করে বসে ছিলো কিছু বে-আইনি পাবলিক। রাতভর মদ্যপান চলতো, শুরু হয়েছিলো সিন্ডিকেট অফিস। কোনো অনুমতি নেই কাগজ নেই শুধু থ্রেট আছে। আমরা উচ্ছেদের মামলা করি মামলায় আমরা জয়ী হই। আদালতের নির্দেশে জবরদখলকারীদের বের করে সেই ঘরের মালিকানা আমাদের দিতে আসে আদালতের বেইলিফ”।

অরিত্র জানান, সেই সময় তাঁর বাড়িতে চলে হামলা। তাঁর মা-কেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অরিত্র লিখেছেন, “আদালত অমান্য করে আজ আক্রমণ হলো। আমার মা’কে হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে রাতের ঘুম তুলে (কেড়ে) নেওয়া হবে, তৃণমূলের নামে বেপাড়ার গুন্ডাদের উপদ্রব শুরু আমার বাড়িতে। এর পরের উত্তরটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নেবো। অফিস থেকে দ্রুত বাড়ি পৌছে গোটা ঘটনার ভিডিও প্রকাশ করছি। আপাতর দিলাম বেপাড়ার পিন্টুর আমার মাকে ধমক দিচ্ছেন তার ভিডিও ক্লিপ। আমার মা ক্রন্দনরত হাতে পায় ধরছেন ক্রিমিনালের”।

আরও পড়ুনঃ ‘৩ দিনের মধ্যে ৯০ শতাংশ কাজ হয়ে যাবে…’, হাসপাতালের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়ে জুনিয়র চিকিৎসকদের অনশন তোলার আর্জি রাজ্যের

অরিত্রর পরিবারের সঙ্গে এই ঘটনার প্রতিবাদ করেছেন দেবপ্রতিম দাশগুপ্ত, কাঞ্চনা মৈত্ররা। নেটিজেনরাও এই ঘটনায় অরিত্রর পাশে দাঁড়িয়েছেন। একজন কমেন্ট বক্সে লেখেন, “এটাই তো আমাদের এখনকার সমাজের বাস্তবতা… ভয় দেখানোর রাজনীতি কেই গণতন্ত্র বলে চালিয়ে দেওয়া হচ্ছে”। আবার অন্য একজন লিখেছেন, “একদম ছেড়ে দেবে না দাদা…’। এই ঘটনায় অরিত্র কোনও আইনি পদক্ষেপ নেবেন কী না, তা এখনও জানা যায়নি।  

আরও অন্যান্য খবর