বঙ্গ রাজনীতিতে অর্জুন সিং-এর কথা আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না। ভাটপাড়ার এই দাপুটে বিজেপি সাংসদ গোটা এলাকার ত্রাস বলা যেতে পারে। তিন দশক ধরে সক্রিয় রাজনীতি করে আসছেন তিনি। কিন্তু এবারের পুরভোটে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। নিজের ওয়ার্ডেই ভোট দিতে পারলেন না অর্জুন সিং। কিন্তু কেন জানেন কী?
অর্জুন সিং ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেই ওয়ার্ডেই ভোট দেওয়ার কথা ছিল তাঁর। এই ওয়ার্ডে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন অর্জুন সিং-এর ভাইপো সৌরভ সিং। কিন্তু ১৭ নম্বর ওয়ার্ড দখল করা আর হল না বিজেপির বা অর্জুন সিং-এর।
অর্জুন সিং-এর ডেরায় ঢুকে কার্যত সৌরভকে বের করে আনলেন জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ঘোষ। তাদের হাত ধরেই সৌরভ যোগ দেন তৃণমূল শিবিরে। ভাইপোর এমন পদক্ষেপের জেরে পুরসভা দখল করার স্বপ্ন ভেঙে চুরমার অর্জুনের। এরপর ১৭ নম্বর ওয়ার্ডে আর প্রার্থী দিতেই পারেনি বিজেপি। কার্যত বিনা যুদ্ধেই সেই ওয়ার্ডে জিত পায় তৃণমূল।
নিজের ভাইপোর এই বিশ্বাসঘাতকতায় মন ভেঙেছে অর্জুন সিং-এর। তাঁর কথায়, “জীবনে প্রথমবার ভোট দিতে পারলাম না। খুব খারাপ লাগছে। প্রার্থী দেওয়া হয়েছিল। কিন্তু গদ্দারি করে পালিয়ে গেল”।
পুরভোটের দিন সকাল থেকেই একাধিক অভিযোগ উঠে আসছে নানান দিক থেকে। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। মানুষ উত্তর দিয়ে দেবে। ২০২৪-এ এর ফল বুঝতে পারবে তৃনমূল। মানুষ যখন নিজের ভোট দিতে পারবে না তার রি অ্যাকশন হবেই”।





