এই কয়েকদিন আগেই তাঁকে নিয়ে এক নাটক হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূলের প্রতি তাঁর রাগ, গোঁসা, অভিমান সবই দেখেছে রাজ্যবাসী। তৃণমূলের প্রতি ক্ষোভ উগড়ে দিল্লি উড়ে গিয়ে ফের বিজেপির হাত ধরা, কোনও কিছুই বাদ যায়নি। এবার ফের একবার বড় বোমা ফাটালেন ব্যারাকপুরের ‘বাহুবলী’ নেতা অর্জুন সিং। তৃণমূল মন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিয়ে অনেক গোপন কথাই ফাঁস করে দিলেন তিনি।
২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং। সেবার বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হন তিনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে ফেরেন তিনি। এবার ২০২৪-এ ফের পুনরাবৃত্তি ঘটেছে ২০১৯-এর ঘটনার। এবারও তৃণমূলের থেকে টিকিট না পেয়ে ফের তিনি হাত ধরেছেন গেরুয়া শিবিরের।
বিজেপির যাওয়ার পর ক্ষোভ উগড়ে অর্জুন বলেন, “তৃণমূল আমার সঙ্গে অন্যায় করেছে। প্রতিশ্রুতি দিয়েও রাখে নি”। ব্যারাকপুর থেকে এবারের লোকসভা ভোটের জন্য তৃণমূল প্রার্থী করেছে পার্থ ভৌমিককে। এবার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সেই পার্থকে নিয়ে নানান গোপন কথা বললেন অর্জুন।
অর্জুনের দাবী, পার্থ ভৌমিকের রাজনৈতিক অভিজ্ঞতা তাঁর থেকে কম। তাঁর সিপিএমের বিরুদ্ধে লড়ার ক্ষমতা নেই। পার্থকে নিয়ে অর্জুনের বক্তব্য, “সাধারণ ঘরের ছেলে মাত্র ১২ বছরে কয়েক’শ কোটির মালিক হয়ে গিয়েছে। রাজনৈতিক জীবন শুরু হয়েছে ২০১১ থেকে। তার আগে তো ভয়ে পালিয়ে বেড়াত। সিপিএমের বিরুদ্ধে কোনও দিন লড়েননি”।
অর্জুনের সংযোজন, “মমতা দিকে জিজ্ঞেস করবেন, কবে থেকে পার্থ ভৌমিক রাজনীতিতে এসেছিল। তার আগে মেয়ের মাথায় হাত রেখে দিব্যি কেটে বলেছিল কোনওদিন রাজনীতি করব না”।
এদিন এই সাক্ষাৎকারে অর্জুন দাবী করেন, সকলের ক্ষমতা থাকে না সিপিএমের সঙ্গে লড়াই করার। কিন্তু তাঁর সেই ক্ষমতা ছিল। স্মৃতি পাতা উল্টে অর্জুন বলেন, একসময় পার্থর বাড়িতে তাঁর ভাইয়ের স্ত্রীর আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল। সেই সময় সিপিএম পার্থর বাড়ি চড়াও হয়। অর্জুনের কথায়, সেই সময় কেউ পাশে না থাকলেও, তিনি পার্থর পাশে ছিলেন। অর্জুনের আত্মবিশ্বাস, মানুষ তাঁকেই গ্রহণ করবেন, পার্থ ভৌমিককে নয়। তৃণমূলকে নিয়ে অর্জুনের অভিযোগ, ২০২১ সালে জয়ের পর থেকে নানান ভাবে অত্যাচার চালাচ্ছে তৃণমূল। ব্যারাকপুরের শিল্পাঞ্চল নষ্ট করেছে তারা। মাটি বেচে দিয়েছে বলে অভিযোগ। কোনও কারখানা নেই, এমনটাই দাবী অর্জুনের। প্রসঙ্গত, বিজেপির এখনও বাকি প্রার্থী তালিকা প্রকাশিত না হলেও, এটা বেশ স্পষ্ট যে ব্যারকপুর থেকেই বিজেপির প্রার্থী হচ্ছেন অর্জুন সিং।
অর্জুনের এহেন মন্তব্যের প্রেক্ষিতে পার্থ ভৌমিক বলেন, “উনি যা খুশি বলুন। উনি ভাল থাকুন। আমি কোনও প্রতিক্রিয়া দেব না”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!