দরজায় কড়া নাড়ছে ২১ এর বিধানসভা নির্বাচন। তৃণমূলের সম্পূর্ণ ও বামেদের প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। তবে রাজ্য রাজনীতিতে এখনও দল বদলের পালা শেষ হয়নি। এবার কলকাতায় প্রধানমন্ত্রী মোদীর বিগ্রেড সমাবেশের আগে কোচবিহারের সিতাইয়ের তৃণমূল যুব দলের কমপক্ষে ৫০ জন সদস্য সন্তোষ কুমার রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। সন্তোষ কুমার রায় কোচবিহারের সিতাইয়ের ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।

তিনি কমপক্ষে ৫০ জনকে নিয়ে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন। শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণার পরেও এই সদস্যদের দলত্যাগ নেহাতই চিন্তার বিষয়। সেই গত বছর শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে লেগেছে দলবদলের হাওয়া। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বরা।

এছাড়াও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ফের এক প্রভাবশালী নেতা। কোন্নগরের তৃণমূল যুব নেতা সুমিত মাহাতো যোগ দিলেন গেরুয়া শিবিরে। বলা বাহুল্য, বিজেপি সম্ভবত রবিবার ঘোষণা করবে প্রার্থী তালিকা। রবিবার ৭ ফেব্রুয়ারি রয়েছে বিজেপির ব্রিগেড সমাবেশ। রাজনৈতিক মহলের খবর, বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের এই ব্রিগেড হতে চলেছে বৃহৎ এক জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ব্রিগেড সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।






