পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করার ৫৮ দিনের মাথায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam case) প্রথম চার্জশিট পেশ করল ইডি (Enforcement Directorate)। এই চার্জশিটে দাবী করা হয়েছে যে দুর্নীতি ও আর্থিক লেনদেন নিয়ে যা যা অভিযোগ উঠেছে, সেইসবের রাজসাক্ষী হওয়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন অর্পিতা। আর সেই খবর প্রকাশ্যে আসতেই ফের শুরু হয়েছে হইচই। তাহলে কী বিপুল টাকার উৎস নিয়ে অর্পিতা মুখ খুলবেন, সেই প্রশ্নই এখন উঠছে বারবার।
আদালতে ইডি যে চার্জশিট পেশ করেছে, তাতে দাবী করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর একাধিক কোম্পানিতে তাঁর শেয়ার অর্পিতার নামে হস্তান্তর করেছিলেন পার্থ। একথা ইডি-কে লিখিত বয়ানে জানিয়েছেন অর্পিতা। এমনকি, সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা। সেই বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেটে সই করেছিলেন খোদ পার্থ। সেখানে পার্থকে অর্পিতার পারিবারিক ঘনিষ্ঠ আত্মীয় বলে উল্লেখ করা হয়েছে।
ইডি সূত্রের খবর অনুযায়ী, এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় আগেই দাবী করেছিলেন যে তিনি অর্পিতাকে সেভাবে চেনেন না। তাঁর সঙ্গে যোগাযোগ নেই। সন্তান দত্তক নেওয়ার শংসাপত্র সম্পর্কে পার্থর দাবী, তিনি একজন জনপ্রতিনিধি। এই ধরণের শংসাপত্রে তাঁকে স্বাক্ষর করতে হয়, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার।
এদিকে, অর্পিতার দু’টি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এই বিষয়ে অর্পিতা ইডি-কে জানিয়েছেন যে এই টাকা সবই পার্থ চট্টোপাধ্যায়ের ইডিকে লিখিত বয়ানে একথাই জানিয়েছেন অর্পিতা। শুধু তাই নয়, সেখান থেকে মিলেছে নেপাল, থাইল্যান্ড, বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া এবং আমেরিকার মুদ্রাও। এই নিয়ে অর্পিতার দাবী, এই সব মুদ্রা নানা সময়ে নানা ব্যক্তি এসে রেখে গিয়েছিলেন।
আদালতে পেশ করা চার্জশিটে ইডি আরও জানায় যে অর্পিতার নামে ৩১টি জীবন বিমা ছিল। এর বার্ষিক প্রিমিয়াম প্রায় দেড় কোটি টাকা। সেই টাকা জমা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর মোবাইলের ফরেনসিক পরীক্ষা করার পরে এই বিষয়টি স্পষ্ট হয়েছে বলে খবর। মোবাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যেরও নাম পাওয়া মিলেছে। পার্থর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ মেসেজে পাওয়া একটি তথ্য জানা গিয়েছে যে মানিক নাকি যা তা ভাবে টাকা তুলেছেন।





