এর আগে কয়লা পাচার কাণ্ডে বেশ কয়েকজন আইপিএস অফিসারকে জেরা করেছে ইডি। এবার গরু পাচার মামলাতেও ইডির নজরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। গরু পাচার কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এবার ইডি-র তরফে দিল্লিতে তলব করা হল রাজ্যের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিং ও ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে। আগামী ২৬শে সেপ্টেম্বর জ্ঞানবন্ত ও ২৮শে সেপ্টেম্বর আকাশকে হাজিরা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কয়লা পাচারকাণ্ডে বাংলার মোট আটজন আইপিএস আধিকারিককে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছিল। এই তালিকায় ছিলেন রাজীব মিশ্র থেকে শুরু করে সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং, শ্যাম সিং, কোটেশ্বর রাও, এস সেলভামুরগান, তথাগত বসু। ইডি আধিকারিকরাএর মধ্যে জ্ঞানবন্ত সিংকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন। দিল্লিতে দু’বার ও কলকাতায় একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। ইডি তাঁর বয়ান রেকর্ড করেছে। এবার গরু পাচারকাণ্ডেও জ্ঞানবন্ত সিংকে তলব করা হল।
আকাশ মাঘারিয়া ডিসি সাউথ পদে নিযুক্ত হওয়ার আগে দীর্ঘদিন পুরুলিয়ার পুলিশ সুপার পদে নিয়োগ ছিলেন। তবে রাজ্যের শাসক দলের কথায়, রাজনৈতিক কারণেই তলব করা হয়েছে জ্ঞানবন্ত সিং ও আকাশ মাঘারিয়াকে।
উল্লেখ্য, গত ১৩ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের আগে পিটিএসের কাছে আটকে দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেনু অধিকারীকে। সেই সময় সেখানে ছিলেন আকাশ মাঘারিয়া। শুভেন্দু সেই সময় অভিযোগ করেছিলেন যে জ্ঞানবন্ত সিংয়ের নির্দেশেই তাঁকে আটকেছেন আকাশ মাঘারিয়া।
শুধু তাই-ই নয়, এর আগেও বেশ কয়েকবার আকাশ মাঘারিয়াকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সেই কারণে এবার জ্ঞানবন্ত সিং ও আকাশ মাঘারিয়াকে ইডি তলব করায়, তাতে অন্য রকমের গন্ধ পাচ্ছে তৃণমূল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে শোনা যায়নি ঘাসফুল শিবিরকে। তবে ইডি-র দাবী, গরু পাচার মামলায় এই পুলিশ কর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে চান তারা।





