নন্দীগ্রামে ফাইনালের আগে মমতা-শুভেন্দু ওয়ার্ম-আপ! আজ মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী

বঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ সিট নন্দীগ্রাম! সম্মুখ সমরে নামবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর একদা বিশ্বস্ত সৈনিক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রামে পা রেখেই ভোটযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ বুধবারই তিনি মনোনয়নপত্র জমা দেবেন।

আরও পড়ুন –BREAKING: যিশু সেনগুপ্তও কী এবার বিজেপিতে? রুদ্রনীলের ছবিতে বাড়ছে জল্পনা

প্রসঙ্গত এদিনই সেখানে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কর্মসূচি‌ও রয়েছে শুভেন্দু অধিকারীর। ফলে প্রকৃত যুদ্ধের আগেই কার্যত দ্বৈরথে নামলেন যুযুধান দু-পক্ষ। জানা গিয়েছে, নন্দীগ্রাম জিততে যে বাড়ি ভাড়া নিয়ে মমতা সেখানে  রয়েছেন, সেখান দিয়েই এদিন কনভয় নিয়ে বেরিয়ে যান শুভেন্দু। ফলে ভোটের আগেই কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের মাটি।

আরও পড়ুন –WB Election 2021: ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায় 

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এদিন নন্দীগ্রামে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আগে পদযাত্রা করবেন তিনি। সঙ্গে নতুন বাজারের একটি বাড়িতে যজ্ঞ অনুষ্ঠানও রয়েছে। অন্যদিকে, জেলা তৃণমূল সূত্রের খবর, মমতা সে সময় থাকবেন নন্দীগ্রামেই। দুপুর ১টা নাগাদ তিনি যাবেন হলদি নদীর ওপারে। বটতলা হেলিপ্যাড থেকে কপ্টারে উড়ে যাবেন হলদিয়া। সেখানে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পেশ করবেন তিনি। তার আগে বেলা সাড়ে ১২টায় নন্দীগ্রামে রেয়াপাড়ায় শিব মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে নেত্রীর।

জানা গিয়েছে, বুধবার রাতেও নন্দীগ্রামেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ হলদিয়া থেকে ফিরে নন্দীগ্রামে রানিচকে একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। নেত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার শহরে ফিরে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন তিনি।

অর্থাৎ, এদিনই নন্দীগ্রামের মানুষ দেখবে দুই প্রতিপক্ষকে। এর আগেও একাধিকবার নন্দীগ্রামে দেখা গিয়েছে দু-পক্ষকে। তবে সহযোদ্ধা হিসেবে, একই মঞ্চে পাশাপাশি। বুধবার প্রথম বার প্রতিপক্ষ হিসেবে নন্দীগ্রামের মাটিতে তাঁদের দেখা যাবে।

RELATED Articles