হাওড়ার পর এবার রিষড়া! বিজেপির রামনবমীর মিছিলে হামলা, ইটবৃষ্টি, বোমাবাজি দিলীপ ঘোষের গাড়ির সামনে

হাওড়ার পর এবার উত্তাল হল রিষড়া। রামনবমীর মিছিলে ইটবৃষ্টি, হামলার অভিযোগ। শ্রীরামপুরের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতির গাড়ি ভাঙচুর। নিরাপত্তায় বিঘ্ন ঘটল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। তাঁর গাড়ির সামনে পড়ল বোমা। ঠিক সময়ে তাঁকে সেখান থেকে না সরালে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে খবর। এই অশান্তি নিয়ে ফের তরজা শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ করেছে বিজেপি।

গতকাল, রবিবার বিকেলে রিষড়ায় বেরিয়েছিল রামনবমীর মিছিল। দেই মিছিলে অংশ নেন দিলীপ ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও আরও একাধিক নেতা। কিন্তু এদিন মিছিলের সময় রিষড়া ৫ নং ওয়ার্ড এলাকায় জিটি রোডের উপর আচমকাই হামলা চালানো হয় বলে অভিযোগ।

জানা যাচ্ছে, মিছিলের উপর চলে ইটবৃষ্টি। এর জেরে গাড়ির কাচ ভাঙে মোহন আদকের, আহত হন বিধায়ক বিমান ঘোষও। তড়িঘড়ি তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহত বিধায়ককে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জারি করে তিনি।

তাঁর অভিযোগ, “মিছিল শেষের দিকে আচমকা ইট, কাচের বোতল, বোমা নিয়ে জনা কয়েক দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তাঁর দাবি, রাজ্য প্রশাসন যদি এ নিয়ে যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে আমরা কেন্দ্রের কাছে দরবার করব। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবী জানাচ্ছি”।

এই ঘটনা প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক জানাচ্ছেন, “আমার গাড়িতে ইট পড়তে শুরু করে। নিরাপত্তারক্ষীরা আমাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আমাদের মিছিলে শামিল ছিলেন দিলীপ ঘোষ। তাঁরও নিরাপত্তা বিঘ্নিত হয়। একটা মিছিল ঘিরে এই ধরনের অশান্তি একেবারেই কাম্য নয়। পুলিশের সামনে সব ঘটলেও তারা ব্যবস্থা নেয়নি’।

অন্যদিকে, দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠক করে জানান,  “আমি জানি না লোকজন কে কোনদিকে ছড়িয়ে পড়েছে। খুব বিশৃঙ্খল পরিস্থিতি। ওখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে শুনলাম। কারা করেছে, জানা নেই। হাওড়ার পর এখানেও একইরকম ঘটনা ঘটল। হাওড়া থেকে কোনও শিক্ষা হয়নি রাজ্য প্রশাসনের”।

তবে এই অভিযোগের পালটা দেন  তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবী, “এই দায় সম্পূর্ণ বিজেপির। রামনবমীর মিছিলের নাম সর্বত্র ঘুরে ঘুরে অশান্তি বাঁধাচ্ছেন দিলীপবাবুরা”।

RELATED Articles