নানান দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন শাসক দল তৃণমূলের একের পর এক নেতা। তা নিয়ে রাজ্য-রাজনীতি তুঙ্গে। এসবের মাঝেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বালু, পার্থ, অনুব্রত এরা যে চুরি করেছে, তা বিশ্বাস করেন না তিনি। এবার তাঁর ঠিক উল্টো সুরেই কথা বললেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর কথায়, “গ্রেফতার হওয়া নেতাদের পাশে দল নেই”।
কী জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কিছুদিন আগেই নেতাজি ইন্ডোরে দলের মেগা বৈঠক আয়োজিত হয়েছিল। সেই বৈঠকে গ্রেফতার হওয়া নেতাদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, “আজ কেষ্ট জেলে, পার্থ জেলে, মানিক জেলে, বালু জেলে। আর হাসছেন। ভাবছেন এটাই চলবে? আমি বিশ্বাস করি না বালুরা চোর”। পাল্টা আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তবে এবার বাবুল সুপ্রিয়র গলায় শোনা গেল অন্য কথা।
কী বললেন বাবুল সুপ্রিয়?
আজ, মঙ্গলবার রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, “আমাদের কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে জেলে আছে। তাঁদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। দল অবস্থান স্পষ্ট করে দিয়েছে। দল ওঁদের সঙ্গে নেই। পদ থেকেও অপসারণ করা হয়েছে”। এদিন শুভেন্দু অধিকারীকেও ফের একবার আক্রমণ করেন বাবুল।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ের শেষের দিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর দলের সমস্ত পদ থেকে তাঁকে বহিষ্কার করে দল। গত বছর আবার গরু পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। কিছুদিন আগেই রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি দল। কিছুদিন আগেই এদের সমর্থনেই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।





