বড়দিনে উপহারস্বরূপ এক ধামাকা উপহার বিজেপির পক্ষ থেকে। ঘোষণা করলে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় নিজেই। আজ, মঙ্গলবার সকালেই আসানসোলবাসীদের চমক দিলেন তিনি। ২৫শে ডিসেম্বর থেকেই অন্ডাল-দিল্লি বিমান পরিষেবা মিলবে প্রতিদিন।
আজ নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর ঘোষণা করেন বাবুল সুপ্রিয়। প্রতিদিন অন্ডাল থেকে দিল্লি বিমান পরিষেবার চালু হলে অনেকাংশেই উপকৃত হবে আসানসোলবাসী। জানা গিয়েছে, প্রতিদিন সকাল ৭টায় দিল্লি থেকে বিমান মিলবে দুর্গাপুর পর্যন্ত। অপরদিকে, সকাল ৯.৪০মিনিটে পাওয়া যাবে দুর্গাপুর থেকে দিল্লিগামী বিমান। ‘স্পাইস জেটের’ নতুন প্রকল্প এটি।

এদিন বাবুল সুপ্রিয় এই খবর ঘোষণা করে বলেন যে বিজেপি সরকার সবসময় মানুষের জন্য অবিরত কাজ করে চলেছে। মানুষের জীবনযাপন যাতে আরও সহজতর হয়ে ওঠে, সেই চেষ্টাই করে ভারতীয় জনতা পার্টি। প্রতিদিন এই বিমান পরিষেবা চালু হওয়ায় বেশ খুশি আসানসোলবাসী। অনেকেই এই উদ্যোগকে সমর্থন করে বিজেপি ও বাবুলের জয়গান করেছেন। আবার, শুধুমাত্র দিল্লি নয়, দুর্গাপুর থেকে অন্যান্য শহর, বিশেষত বেঙ্গালুরু, হায়দ্রাবাদ পর্যন্তও যাতে এই বিমান পরিষেবা চালু করা যেতে পারে, সেই আবেদনও করেছেন অনেকেই।
নিঃসন্দেহে, বিজেপির তরফ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রসঙ্গত, রবিবারই বাংলায় দু’দিনের সফর সেরে দিল্লি ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফেরার সময় তিনি অন্ডাল বিমানবন্দরেই প্রায় দু’ঘণ্টার বৈঠক সারেন ও এরপর সেখান থেকেই রওনা দেন দিল্লির উদ্দেশে।





