অপ্রতিরোধ্য অমিত! বাংলায় পদ্মের শিকড়কে শক্ত করতে ১২ জানুয়ারি ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলায় বিজয় সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে এত সহজে জায়গা ছাড়বেন না তা এমনিতেই বুঝে গেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। হিন্দু-মুসলমান সাম্প্রদায়িকতা, জাত-পাত বিভেদকে বাঙালি অতটা আমল দেয় না। তাই বিজেপির বাংলা জিততে বেগ পেতে পারে একটু বেশি।
প্রসঙ্গত, গোটা দেশে হাতেগোনা কয়েকটি রাজ্যের মধ্যে বাংলা অন্যতম যেখানে কোনদিনও বিজেপি শাসন কায়েম করতে পারেনি। আর এবার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে পরিস্থিতি কিছুটা অনুকূল হওয়ায় আরও জোরে বঙ্গ বিজয় করতে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া হাইকমান্ড। আর তাই প্রায় প্রত্যেক মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাংলার সংগঠনকে আরও মজবুত করতে, পদ্মের শিকড়কে আরও গভীরে ঢোকাতে হরহামেশাই এবার বঙ্গ সফরে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
চলতি মাসেই বাংলায়  দু’দিনের সফর করে গেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সবেমাত্র গত মাসের পর এই মাসেও দুদিনের বাংলা সফর করে গেলেন 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।
আর এবার জানা যাচ্ছে নতুন বছরের প্রথম মাসের ১২ তারিখে ফের রাজ্য সফরে আসতে পারেন অমিত। তাঁর বিমান দিল্লিতে অবতরণের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই সফরসূচি ছকে ফেলল বিজেপি নেতৃত্ব। রাজ্যের এক বরিষ্ঠ বিজেপি নেতা জানিয়েছেন বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ১২ জানুয়ারি ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ। সেদিন একটি কর্মিসভা‌ও করবেন তিনি। তার জায়গা ঠিক না হলেও বিজেপি সভাটি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করতে চায়। বিজেপির দাবি, সেই সফরে একাধিক বড় যোগদান হতে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শনি ও রবিবার ২ দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন অমিত শাহ। সফরে বিভিন্ন প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তাতে আগামী ১ মাসের কর্মসূচি চূড়ান্ত করেন। রাজ্যের নেতাদের নির্দেশ দেন আগামী ১ মাস কী কী কাজ করতে হবে নেতা ও কর্মীদের।

RELATED Articles