বাগনানে বিজেপি নেতা হত্যাকাণ্ডে দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদ, রাস্তা অবরোধ বিজেপির

অষ্টমীর দিন বিজেপি নেতা কিঙ্কর মাজির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছড়িয়েছিল রাজনৈতিক চাঞ্চল্য। বাগনানে এই বিজেপি নেতা খুনের প্রতিবাদে গতকাল ১২ ঘন্টার বন্ধ ডেকে ছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। গতকাল এলাকার পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজিত। বিজেপির মিছিল এবং তারপরে তৃণমূলের পাল্টা মিছিলে গোটা এলাকা নেয় রণক্ষেত্রের পরিস্থিতি। তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা তো বাঁধেই, সেই সঙ্গে তারা পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায়। পুলিশ কিঙ্কর মাজির খুনের অভিযোগে দুজন যুব মোর্চা নেতাসহ ছয় জনকে গ্রেফতার করেছে।

এরই প্রতিবাদে আজ সকালে বাগনান উড়ালপুল অবরোধ করেন বিজেপি কর্মীরা। বেলা সাড়ে এগারোটা থেকে অবরোধ শুরু হয়। এর ফলে গোটা এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা শান্ত করতে রাস্তায় নামানো হয় র্যাফ। এরপরে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ। গোটা ঘটনায় বিজেপি অত্যন্ত ক্ষুব্ধ।

অষ্টমীর দিন রাতে বাড়ি থেকে কুড়ি মিটার দূরে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা কিঙ্কর মাজিকে। গোটা ঘটনায় বিজেপি অভিযোগের আঙুল তুলেছে শাসক দলের দিকে। অন্যদিকে শাসক দলের দাবি এই ঘটনাটি অনভিপ্রেত ও এবং বিজেপির নিজস্ব গোষ্ঠী কোন্দলের জের। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।

RELATED Articles