ফেসবুকে হাজির অথচ বাংলাপক্ষের নাম শোনেননি এমন বাঙালি খুব কমই আছেন। বাংলা ভাষার জন্য সমানে লড়ে যাচ্ছে এই সংগঠন। কিন্তু এইবার এই সংগঠনের একটু অন্যরকম রূপ দেখা গেল। এই লকডাউনের সময় প্রায় সর্বত্রই গরিব শ্রমজীবী মানুষের অবস্থা খুবই খারাপ। সরকারি স্তরে নানান সাহায্য ও খাদ্য সামগ্রী রেশনের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু সবার পক্ষে সবকিছু পাওয়া সম্ভব নয়। এই প্রান্তিক মানুষদের জীবনসংগ্রামকে সহজ করার জন্য এগিয়ে এসেছে ভারতে বাঙালির জাতীয় সংগঠন “বাংলা পক্ষ”।

রাজ্যের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে এই অসহায় দরিদ্র পরিবারগুলোকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কাজ করছে “বাংলা পক্ষ”। আজ বহরমপুর শহরের কাত্যায়নী মোড়ে সামাজিক সংস্থা “আহ্বান ফাউণ্ডেশনে”র সঙ্গে যৌথভাবে বাংলা পক্ষ, দরিদ্র বাঙালি পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দেওয়ার প্রকল্প নেয়। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সৌভিক সিংহ জানান আজ প্রায় দেড়শতাধিক মানুষের হাতে দুপুরের খাবার তুলে দিয়েছেন তাঁরা। আগামী দিনেও এই ধরনের প্রকল্প তাঁরা চালিয়ে যেতে চান বলে তিনি জানিয়েছেন।

এর আগেও বাংলা পক্ষের তরফে দু’দফায় বহরমপুর শহরে প্রায় শতাধিক মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে, সেই সঙ্গে জেলার সালার অঞ্চলেও স্থানীয়দের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলা পক্ষ খাদ্য সামগ্রী বণ্টনের কাজ করছে একাধিক পর্যায়ে। জেলার সকল শুভবুদ্ধি সম্পন্ন বাঙালির কাছে এই মহৎ উদ্যোগে সামিল হতে আমাদের মাধ্যমে অনুরোধ করেন তিনি।





