বর্ষাকাল শেষ হয়ে এলেও বাঙালির পাতে আসেনি রুপোলি শস্য। কিন্তু বিশেষজ্ঞরা আশা ছাড়েন নি। অবশেষে সেই দিন এলো যখন পশ্চিমবঙ্গে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ। এতদিন লকডাউনের জেরে আটকে ছিল সব কিছুই। কিন্তু বুধবার সীমান্ত পেরিয়ে ইলিশ ঢুকল শিলিগুড়িতে। দামের তোয়াক্কা না করেই ইলিশকে নিজের বাড়ি নিয়ে যেতে উদগ্রীব হয়ে পড়ল বাঙালি।
প্রতি বছর বর্ষার শুরুতেই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আমদানি শুরু হয়ে যায়। কিন্তু এবার বাধ সাধল লকডাউন। যার জন্য বন্ধ ছিল আন্তর্জাতিক বাণিজ্য। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই দুদেশের মধ্যে আবার বাণিজ্য শুরু হল। তারপরই ট্রাকে চড়ে ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে এল কয়েক টন ইলিশ।
এ প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউনের জন্য বাংলাদেশের ইলিশ বাজারে ঢুকতে সময় লাগল। ক্রেতাদের কথায়, বর্ষা প্রায় শেষ হতে চলেছে। আর কদিন বাংলাদেশের ইলিশ পাব জানি না। সব শেষ হয়ে যাওয়ার আগে খেয়ে নেওয়া ভাল।
বুধবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন বাজারে বাংলাদেশের ইলিশ কিনতে উপচে পড়া ভিড়। তার মধ্যে রয়েছে বিধান মার্কেট, মহাবীরস্থান মার্কেটের মতো জায়গা। বাজারে এক কিলোগ্রাম থেকে দেড় কিলোগ্রাম পর্যন্ত ইলিশ বিক্রি হয়েছে ১,৫০০ থেকে ১,৮০০ টাকা কেজি দরে। দাম বেশি হলেও এদিন বাঙালির উৎসাহ কিন্তু একটুও দমে নি। বরং ইলিশকে ব্যাগে পুড়ে ব্যাগের শোভা বাড়ানোর তাগিদটাই বেশি ছিল।





