West Bengal : মমতা সরকারের স্কিমে বাংলাদেশী অনুপ্রবেশকারীর লাভ! সীমান্তে ধরা পড়তেই ফাঁস বড় জালিয়াতি!

প্রতিদিন হাজার হাজার মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য লাইনে দাঁড়ান, আবেদন জমা দেন, মাসের পর মাস অপেক্ষা করেন ভাতার টাকার জন্য। কিন্তু কেউ যদি অবৈধ পথে এই সুবিধা পেয়ে যায়? সাধারণ মানুষের করের টাকায় যদি অন্য দেশের নাগরিক আরামে বসে ভাতা পান, তাহলে প্রশ্ন তো উঠবেই—সিস্টেম কি আদৌ সঠিকভাবে কাজ করছে?

আপনি হয়তো ভাবছেন, নিজের দেশে থাকা সত্ত্বেও অনেক সময় প্রয়োজনীয় কাগজের অভাবে আমরা সরকারি সুযোগ পাই না। অথচ কেউ কেউ বাইরের দেশ থেকে এসে অনায়াসে সেসব সুবিধা নিয়ে নিচ্ছেন। এটা শুধু দুর্ভাগ্যজনক নয়, রীতিমতো বিপজ্জনকও। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল কোচবিহারের মেখলিগঞ্জে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেখলিগঞ্জের বাগডোকরা-ফুলকাডাবরি সীমান্তে টহল দেওয়ার সময় বিএসএফ ৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের নজরে পড়ে এক সন্দেহজনক ব্যক্তি। সীমান্ত লাগোয়া অর্জুন চৌকিতে ধরে এনে জেরা করার পর জানা যায়, ওই ব্যক্তি আদতে বাংলাদেশি। নাম মহম্মদ সেলিম আনসারি, বয়স ৩৩। তার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত এলাকায়।

জানা গেছে আনসারি দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের বেলডাঙায় তার মায়ের সঙ্গে থাকত। সেখানে সে সেলাইয়ের দোকানে কাজ করত এবং পাশাপাশি মকরামপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম ছিল। শুধু তাই নয়, একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও করত সে। এখানেই চমক—এই বাংলাদেশি নাগরিক অন্য এক ব্যক্তির পরিচয়ে মমতা সরকারের ইমাম ভাতা তুলে আসছিল মাসের পর মাস। এমনকি সেই ভাতা তার সঙ্গে ভাগ করে নিত ওই ভারতীয় ব্যক্তি, যার নামে আবেদন করা হয়েছিল।

আরও পড়ুনঃ Operation sindoor : বিশ্বের সামনে অপারেশন সিঁদুরের গুরুত্ব তুলে ধরতে শশী থারুর নেতৃত্বে ৭ সদস্যের বিশেষ দল!

বিএসএফের তরফে জানানো হয়েছে, আনসারি যে দুই ভারতীয়ের সহায়তায় সীমান্ত পার হয়েছিল, তাদের বিরুদ্ধেও কুচলিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মোহিত ত্যাগী জানিয়েছেন, ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশের তরফে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। জেরায় আনসারি স্বীকার করেছে, সে তার দাদার সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে আসছিল এক দালালের সাহায্যে। তবে ইমাম ভাতা তোলার এই গোটা চক্র যে কতটা গভীরে শিকড় গেড়েছে, সেটাই এখন বড় প্রশ্ন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles