গতকাল, রবিবার ছিল চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই উড়েছে গেরুয়া ঝড়। সেই কারণেই এবার এই জয় পালনের ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যে এই ফলাফলের প্রভাব বাংলাতেও পড়বে।
রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিপুল জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়েছে। আর এই জয়ের প্রভাব পড়ল বাংলাতেও। রাস্তায় বেরিয়ে এই জয়ের জন্য উল্লাসে মাতলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
এরই মধ্যে শুভেন্দু অধিকারী জানালেন আজ, সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এদিন এই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন বিধানসভায় লাড্ডু বিতরণ করবেন বিজেপি বিধায়করা। বিজেপির জয়ের জন্য স্লোগান দেওয়া হবে। বিধানসভার বাইরে মিছিল বের করবে বিজেপি।
গতকাল ভোটের ফলাফলের ট্রেন্ড দেখেই শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে বলেছিলেন, “রাজস্থান. মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে দেশদ্রোহীরা পরাস্ত হয়েছে। রাষ্ট্রবাদ জিতেছে। বাংলাতেও রাষ্ট্রবাদী শক্তি জিতবে। প্রথমে ২৪-এর ভোটে জিতবে। তার পর ২৬ সালে বাংলা থেকে হাওয়া হয়ে যাবে তৃণমূল”। শুভেন্দু এও বলেন, “বাংলায় এবার সাঁড়াশি আক্রমণ চলবে”।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপির এই জয় সেমিফাইনালের মতো। এর থেকেই চব্বিশের ভোটের ফলাফলের আন্দাজ করা যাচ্ছে। এই ম্যাচে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে হ্যাট্রিক করেছে গেরুয়া শিবির। শুভেন্দুর কথায়, “বাংলায় আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, ২৬ পর্যন্ত এই সরকার চলবে না”।






