অবসান ঘটতে চলেছে ৫০০ বছরের অপেক্ষার। আর মাত্র কিছুক্ষণ, এরপরই আসছে সেই মাহেন্দ্রক্ষণ। প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রামমন্দিরের রামলালার মূর্তিতে। দীর্ঘ বছরের বনবাস কাটিয়ে নিজের জন্মভূমিতে ফিরবেন শ্রীরাম। গোটা বিশ্ববাসী সাক্ষী থাকবে সেই ঐতিহাসিক মুহূর্তের। দেশজুড়ে মানুষ মেতে উঠেছে উৎসবে।
এই শুভ দিনকে ঘিরে গোটা দিন নানান কর্মসূচি পালন করা হবে গেরুয়া শিবিরের তরফে। বাদ নেই বঙ্গ বিজেপিও। এদিন রাজ্যের নানান প্রান্তে রামমন্দির উদ্বোধনের জন্য রয়েছে ঠাসা কর্মসূচি। রামভক্তরা নানান অনুষ্ঠানের মধ্যে দিয়েই উদযাপন করবেন এই দিনটি।
তবে ইতিমধ্যেই এই উৎসব, অনুষ্ঠান পালন নিয়ে নানান অভিযোগ আসতে শুরু করেছে রাজ্যের নানান প্রান্ত থেকে। অনেকেই অভিযোগ তুলছেন যে অনুষ্ঠান পালনে পুলিশি বাধা আসছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রামমন্দির নিয়ে এমনিতেই রাজনীতি জড়িয়ে রয়েছে। সেই কারণে রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান পালনে নানান বাধা আসতে পারে।
বাংলায় এদিন রামের কোনও কর্মসূচি পালনে যদি কোনও বাধা আসে, তাহলে তা কড়া হাতে দমন করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। আর এর জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বেঙ্গল বিজেপির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২২ জানুয়ারি রাজ্যের কোথাও রামের কর্মসূচি পালনে যদি কোনও বাধা আসে বা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে আইনি সহযোগিতার জন্য একটি নম্বরে ফোন করতে পারেন রাজ্যবাসী। বিজেপির তরফের সেই হেল্পলাইন নম্বরটি হল- ৭৬০৫০২৬১১৫।
প্রসঙ্গত, আজকের গোটা দিনটাই প্রভু রামের নামে উৎসর্গ করেছেন হিন্দুরা। আর সেই কর্মসূচিতে যদি কোনও বাধা আসে, তাহলে আপনিও এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। এদিন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। বঙ্গ বিজেপি নেতৃত্বের অনেকেই পৌঁছে গিয়েছেন অযোধ্যা সেই মুহূর্তের সাক্ষী হতে।





