এক ধাক্কায় নামল ৩ ডিগ্রি পারদ, কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, সমতলের তাপমাত্রা টেক্কা দিচ্ছে পাহাড়কেও

কথাতেই রয়েছে, ‘মাঘের শীত বাঘের গায়ে’। মাঘ মাস পড়তেই এই কথাটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বঙ্গবাসী। গোটা পৌষ মাসে শীতের তেমন ইনিংস ছিল না। তবে পৌষের শেষের দিকে এসে ব্যাটিং শুরু করে শীত। আর এখন তো কনকনে ঠাণ্ডায় কাঁপছে বঙ্গবাসী। আজ, সোমবার কলকাতায় এই মরশুমের শীতলতম দিন আপাতত। তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমে গিয়েছে।

কোথায় কত তাপমাত্রা রাজ্যে?

ক্লাতার তাপমাত্রা এক ধাক্কায় ১৫.২ ডিগ্রি থেকে ১২.১ ডিগ্রিতে সেলসিয়াসে নেমে গিয়েছে। ঠান্ডায় দমদম টেক্কা দিচ্ছে বাঁকুড়াকে। আজ, সোমবার বাঁকুড়ার তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা আরও নেমেছে। পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে। ৭.১ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল-শ্রীনিকেতনের পারদ নেমেছে ৯ ডিগ্রিতে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কোল্ড ডে লাইক পরিস্থিতি রয়েছে। সকালে কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়লেও রোদের দেখা তেমন মিলবে না। আকাশ আংশিক মেঘলাই থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচেই থাকবে আপাতত। তবে রাতের তাপমাত্রা একইরকম থাকবে।  

এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও কঙ্কনে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। কর্নাটক থেকে মধ্য ভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। এই অক্ষরেখার প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবার আগামী বুধবার থেকে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে আরও তিন-চার দিন উত্তর ভারতের জেড স্ট্রিম উইন্ডের প্রভাব থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল, মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার বাড়তে পারে বৃষ্টি। তবে বৃহস্পতিবার আবার বৃষ্টির প্রভাব কমবে বলে খবর। বৃহস্পতিবারের মধ্যে সিকিম ও দার্জিলিংয়ে ফের তুষারপাত হতে পারে। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর