সুকান্তর হুঁশিয়ারিই সত্যি হল, পুজোর মধ্যেই বহিষ্কার করা হল বঙ্গ বিজেপির একাধিক নেতাকে

কিছুদিন আগেই দলীয় কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, দলীয় শৃঙ্খল ভাঙা সহ্য করবে না দল। এমনকি, বিক্ষুব্ধদের সাসপেন্ড করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। সেই হুঁশিয়ারিই সত্যি হল। পুজোর মধ্যেই দল থেকে বহিষ্কার করা হল বঙ্গ বিজেপির একাধিক নেতাকে।

বিজেপি সূত্রের খবর, বঙ্গ বিজেপির চার নেতাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। এমনও ইঙ্গিত মিলেছে যে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। জানা গিয়েছে, দলীয় শৃঙ্খলা ভাঙা ও দল বিরোধী কাজের অভিযোগে বঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি ওই এই চার নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সল্টলেকে বিজেপির অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন দলীয় কর্মী, সমর্থকদের একাংশ। বিক্ষোভকারীরা দাবী তুলেছিলেন যে অমিতাভ চক্রবর্তী ও অমিত মালব্যকে রাজ্যে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে সরাতে হবে। এমনকি তারা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন।

এমন ঘটনার পর সুকান্ত জানিয়েছিলেন ঘটনায় কারা কারা জড়িত তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দল থেকে বহিষ্কারও করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত। শেষ পর্যন্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই পথেই হাঁটল।

RELATED Articles