আচমকাই মা উড়ালপুলে উঠে পড়ল রিক্সা, তাজ্জব সকলে, শহরে অদ্ভুত ঘটনা পুজোর সন্ধ্যেতে

চলছে দুর্গাপুজো। এই সময় মানুষের ঢল নামে কলকাতার রাস্তায়। প্রতিদিনই যেন নিজের রেকর্ড নিজেই ভাঙছে কলকাতা। দিনদিন ভিড় বেড়েই চলেছে। পুজোর সময় মা উড়ালপুলেও বেড়ে যায় গাড়িঘোড়ার চাপ। এমন ব্যস্ত সময়েই হঠাৎই বন্ধ হয়ে গেল এই উড়ালপুলে যান চলাচল। উদ্বেগ বাড়ল সকলের মধ্যে।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার অর্থাৎ ষষ্ঠীর সন্ধ্যায়। আচমকাই বেশ কয়েক মিনিটের জন্য মা উড়ালপুলে বন্ধ হয়ে সব যান চলাচল। যাত্রীদের মধ্যে যখন উৎকণ্ঠা তুঙ্গে, সেই সময় সকলে দেখেন এক তাজ্জব করা দৃশ্য। দেখা যায়, মা উড়ালপুলের একটি লেন দিয়ে রুবির দিকে রিক্সা চালিয়ে যাচ্ছেন এক রিক্সাচালক। নির্লিপ্তভাবে রিক্সা নিয়ে বেরিয়ে যান তিনি।

পুলিশ সূত্রে খবর, ওই দিন সন্ধ্যে ৬টা ৪৫ মিনিট নাগাদ এক রোগীকে নিয়ে মা উড়ালপুলে উঠে পড়েন এক রিক্সাচালক। আসলে রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দেওয়ার তাড়ায় ভুল করে মা উড়ালপুলে উঠে পড়েন তিনি। এই বিষয়টি নজরে আসতেই তৎপর হয় তিলজলা থানার পুলিশ। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে ওই সংশ্লিষ্ট লেনে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।

জানা গিয়েছে, এরপর পুলিশই দ্রুত তৎপরতার সঙ্গে রোগীকে ট্যাক্সিতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এই ওই রিক্সাচালককেও সাবধানে উড়ালপুল থেকে নামানো হয়। এই কারণেই বেশ কয়েক মিনিটের জন্য মা উড়ালপুলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রিক্সাটি কীভাবে সেতুতে উঠল? সেতুতে ওঠার মুখে কেন আটকানো হল না, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। আসলে মা উড়ালপুলের উপরে ট্রাফিক পুলিশ থাকে না। অটোমেটিক সিস্টেমেই করা হয় যান চলাচল। তবে জানা গিয়েছে, এমন ঘটনার পর সেতুর মুখে ট্রাফিক নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, কলকাতার অন্যতম ব‌্যস্ততম উড়ালপুল হল মা উড়ালপুল। দিনভর এই উড়ালপুলে গাড়ির চাপ থাকে। সেই কারণে দুর্ঘটনা এড়াতে এই সেতুতে সাইকেল, রিক্সা উঠতে দেওয়া হয় না। রাত দশটার পর বাইক চলাচলও বন্ধ করে দেওয়া হয়। সেই ব্যস্ত সেতুতেই ষষ্ঠীর সন্ধ‌্যায় রিক্সা নিয়ে উঠে পড়লেন এক চালক। এমন ঘটনা দেখে বেশ তাজ্জব হয়ে যান গাড়ি চালকরা।

RELATED Articles