দেশে করোনা সংক্রমন বেড়েই চলেছে তবে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ প্রায় শেষ। তাই এবার রাজনৈতিক লড়াইয়ের প্ৰস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি। ফের একবার কোমর বেঁধে মাঠে নামতে চলেছে বিজেপি। করোনা এবং আমফানে রাজ্যের ব্যর্থতা নিয়ে অনেকবারই সর্ব সম্মুখে নিজেদের মতামত দিয়েছেন দিলীপবাবু। সম্প্রতি মানুষের কাছে সাহায্য পৌঁছতে গিয়েও সরকারের বাঁধার সম্মুখীন হয়েছেন তিনি। আর তাই এবারও রাজনীতির লড়াইয়ে তাদের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বছর তৃণমূল সরকারের ক্ষমতায় আসার ৯ বছর পূর্ন হল, তাই তাদের জন্য ৯ দফা চার্জশিট তৈরি করছেন রাজ্য বিজেপি। বুধবার তৃণমূল সরকারের ৯ বছর পূর্তিতে এই কর্মসূচিই গ্রহণ করেছে বিজেপি।
আগামিকাল দলের সদর দফতরে এই চার্জশিট প্রকাশ করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এই চার্জশিট তৈরি করার গুরুদায়িত্ব নিয়েছেন স্বয়ং সায়ন্তন বসু। দেশের আইন-শৃঙ্খলা থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রেশন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা সর্ব ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতার হাল হকিকত মানুষের সামনে তুলে ধরতেই এই চার্জশিট।
বিজেপি সূত্র থেকে জানা গেছে,করোনার সমস্ত বিধি নিষেধ মেনে ও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখেই চার্জশিট প্রকাশের পর মানুষের বাড়ি বাড়ি যাবেন বিজেপি কর্মীরা। সেখানেই জনমত সংগ্রহ করা হবে। জুন থেকে ফের সরকার বিরোধী আন্দোলনে পথে নামতে চলেছে বিজেপি। তবে কী নিয়ে আন্দোলন হবে তা এখনো ঠিক হয়নি।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর একটা বছর বাকি। আর এর মধ্যেই রাজ্যবাসীর মনে পাকাপাকিভাবে জায়গা করে নিতে চান বিজেপি দল। যাতে নির্বাচনের সময় রাজ্যের ক্ষমতাটা তাদের দখলেই আসে। করোনা ও লকডাউনের জেরে রাজনৈতিক কর্মসূচি ও জমায়েত বন্ধ থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে কোনো রকম কার্পন্যতা করছে না রাজ্য বিজেপি।





