করোনা সংক্রমন রুখতে দেশব্যাপী এখন লকডাউন চলছে। ১৪ই এপ্রিল থেকে যে দ্বিতীয় দফার লকডাউন চালু হয়েছে তার মেয়াদ শেষ হচ্ছে ৩রা মে। কিন্তু ৩রা মের পর যে লকডাউন উঠে যাবে এমনও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এই করোনার জেরে সাধারণ মানুষের জীবিকাও বিপর্যয়ের মুখে। দেশের অর্থনীতির চাকাও প্রায় স্তব্ধ হওয়ার মুখে। এই সময় করোনা পরবর্তিতে রাজ্যের অর্থনীতির হাল ফেরাতে কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবার সেই পরামর্শদাতা কমিটির পাল্টা দিল বিজেপি।
লকডাউন পরবর্তি সময় রাজ্যের মানুষের থেকে মতামত নেবে বিজেপি। রাজ্যে কীভাবে করোনা মোকাবিলা করা হবে কিংবা অর্থনীতির হাল ফেরাতে রাজ্যের কি কি করণীয় সব কিছুর জন্যই মানুষের মতামত নেবেন তারা। এর জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করছে রাজ্য বিজেপি।
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, দেশে এখন ভাইরাস সংক্রমন, লকডাউন, আর্থিকমন্দা চলছে। ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে এই পরিস্হিতি জানা নেই। কিন্তু সেই অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা কী হবে।এর জন্য বিভিন্ন মানুষের মতামত আমরা চাইছি। বিশেষ করে যাঁরা এই বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন আমরা তাদের সাহায্য চাইছি। আমরা একটি ফোন নম্বর দিয়েছি, যারা এই ব্যাপারে আগ্রহী তারা ফোন করে এই বিষয়ে মতামত জানাতে পারবেন।পরে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গড়ব। সেই কমিটির পরামর্শ রাজ্য সরকারকে দেওয়া হবে। রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতেই আমাদের এই প্রচেষ্টা।
অন্যদিকে, রাজ্য সরকারের কমিটি সম্পর্কে বিজেপির একাংশের অভিমত, ওই কমিটির সদস্যরা অধিকাংশই বিদেশে থাকেন। স্বদেশে না থেকে তারা দেশের হাল বুঝবেন কি করে। তারা এরাজ্য নিয়ে কতটাই বা খবর রাখেন! মানুষের মতামত নিয়ে আমরা চলতে চাই। তাই আমাদের এই ভাবনা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার