নন-কন্টেনমেন্ট জোনে এবার চলবে বাস, ভাড়া দিতে হবে প্রায় তিনগুন, পড়ে নিন এখনই

তৃতীয় দফার লকডাউনের মধ্যেই রাজ্যে বাস পরিষেবা চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। কিন্তু বাস চালাতে গেলে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। আর সেই কারণেই সর্বাধিক কুড়িজন যাত্রী নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু এত কম যাত্রী নিলে বেসরকারি বাস মালিকরা চরম লোকসানের সম্মুখীন হবে, এই আশঙ্কাতেই এবার একলাফে তিনগুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিল কলকাতার বেসরকারি বাস মালিকরা।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সচিব তপন বন্দ্যোপাধ্যায় বৈঠকে ঠিক করেন যে কলকাতায় বাসের নূন্যতম ভাড়া ২০টাকা ধার্য্য করা হবে। এরপর প্রতি ধাপ পিছু পাঁচ টাকা করে ভাড়া বৃদ্ধি পাবে। এই সিদ্ধান্তের কথা পরিবহণ মন্ত্রককে জানিয়ে দেওয়া হবে, বলে তিনি জানান। লকডাউনের আগে বাসে উঠলে ন্যূনতম ৭ টাকা ভাড়া দিতে হত।

বুধবার কত টাকা ভাড়া দিলে সব বিধিনিষেধ মেনে বাস চালকেরা বাস চালাতে পারবেন, তা জানাতে বলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাস মালিক সংগঠনদের তিনি নন-কন্টেনমেন্ট জোনে বাস চালাবার কথা বললে তারা নিজেদের ক্ষতির কথা জানান। তাই সরকার তরফে বাস মালিকদেরই ভাড়া নির্দিষ্ট করার অধিকার দেওয়া হয়।

এরপর ঠিক হয় প্রথম চার কিলোমিটারে ২০ টাকা, তারপর আট কিলোমিটার অবধি ২৫, নয় থেকে বারো কিলোমিটার অবধি ৩০ টাকা, ১৩ থেকে ১৬ কিলোমিটার অবধি ৩৫ টাকা, ১৭ থেকে ২৫ কিলোমিটার অবধি ৪০ টাকা এবং তারপর প্রতি কিলোমিটারে ১ টাকা করে ভাড়া বাড়বে। এই রেট প্রযোজ্য হবে শুধু কলকাতার জন্যেই।

জেলার ক্ষেত্রে এই ভাড়ার তালিকা একটু আলাদা। সেখানেও প্রথম চার কিলোমিটারে ২০ টাকা কিন্তু তারপর প্রতি কিলোমিটার পিছু দেড় টাকা করে বাড়বে সাধারণ বাসের ক্ষেত্রে। এক্সপ্রেস বাস হলে প্রথম ছয় কিলোমিটার ২০ টাকা ও তারপর প্রতি কিলোমিটার পিছু দুই টাকা করে ভাড়া বাড়বে বলে জানান তপনবাবু।

এসি বাসের ক্ষেত্রে প্রথম ৬ কিলোমিটারে ৫০ টাকা ও তারপর প্রতি কিলোমিটারে আড়ই টাকা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই ভাড়া মেনেই খুব দ্রুত কলকাতার সব নন কন্টেনমেন্ট জোনে বাস চালানো হবে বলে পরিবহণমন্ত্রী তাদের বলেছেন বলে জানান তপনবাবু।

অবশ্য আন্তঃজেলা বাসের ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ করেও এর আগে বাস চালাতে ব্যর্থ হয়েছে সরকার কারণ বাস মালিকদের বক্তব্য এই খরচায় পোষাচ্ছে না।

RELATED Articles

Leave a Comment