রাজ্যের আকাশে এখনও বর্ষার রেশ কাটেনি। কয়েকদিন ধরে চলছে টিপটিপ বৃষ্টি, আর হাওয়া অফিস বলছে – নতুন সপ্তাহেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। ঘূর্ণাবর্ত আর মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ – দুই জায়গাতেই মিলবে বৃষ্টির দেখা। তবে জেলায় জেলায় আবহাওয়া হবে একেবারে আলাদা চেহারার।
উত্তরবঙ্গের খবর
হিমালয়ের পাদদেশ আর মধ্য বাংলাদেশের কাছে সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে, বিশেষত জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে নদীর জলস্তর বাড়বে, নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, এমনকি পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।
দক্ষিণবঙ্গের খবর
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম আর দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদসহ প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, তবে মঙ্গলবার ও বুধবার সব জেলাতেই বৃষ্টি ফিরবে। বৃষ্টি হলেও আর্দ্রতা কমবে না, উলটে তাপমাত্রা বেড়ে গুমোট ভাব আরও বাড়তে পারে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে।
আরও পড়ুনঃ Nabanna Abhijan : “আমার হাতের শাঁখা ভেঙে দিয়েছে পুলিশ, তারা আমাদের নির্যাতন করছে” — নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগ!
কলকাতার আকাশ
কলকাতায় রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। রোদ আর মেঘের লুকোচুরি চলছে, তবে বৃষ্টি তেমন নেই। মঙ্গলবার পর্যন্তও বৃষ্টির সম্ভাবনা কম। কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বজায় থাকবে। সব মিলিয়ে, উত্তরবঙ্গের বাসিন্দারা এই সপ্তাহে ছাতা-কাপড় মজুত রাখুন, আর দক্ষিণবঙ্গের মানুষদের অপেক্ষা করতে হবে মঙ্গলবার-বুধবার পর্যন্ত বৃষ্টির জন্য।





