রামের সঙ্গে ম’দের তুলনা! বেফাঁস মন্তব্য কর্মীসভায়, ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উদয়ন গুহ, তুমুল হইচই

এমনিতে তিনি মাঝেমধ্যেই বেশ বেফাঁস কথাবার্তা বলে থাকেন। আর এর জন্য বারবার বিতর্কেও জড়ান। তাঁর এহেন কীর্তিতে অস্বস্তিতে পড়তে হয় তাঁর দলকেও। এবার ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রামকে নিয়ে করা তাঁর মন্তব্য হইচই ফেলে দিল রাজনৈতিক মহলে।

গত ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের। ৫০০ বছর পর ফের নিজের জন্মভূমিতে অধিষ্ঠিত হয়েছেন রামচন্দ্র। এদিন প্রাণ প্রতিষ্ঠা হয় মন্দিরের গর্ভগৃহে থাকা রামলালার। অয্যোধ্যায় এখন ভক্তদের ভিড় উপচে পড়ছে। রামমন্দির নিয়ে বিরোধীরা বারবার কটাক্ষ করেছে বিজেপিকে। এবার এই নিয়ে মন্তব্য করতে গিয়েই বিতর্কে জড়ালেন তৃণমূল মন্ত্রী।  

কী বলেছেন উদয়ন গুহ?

গত রবিবার নিজের জেলায় এক কর্মীসভাতে যোগ দেন উদয়ন গুহ। সেখানেই বিজেপিকে তোপ দাগতে গিয়ে রাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসেন তিনি। তৃণমূল নেতা বলেন, “আমাদের চোখের সামনে একটা ফ্রেম, সেই ফ্রেমে রাম আছে, সীতা আছে, লক্ষ্ণণ আছে। এই প্রথম রাম দেখলাম, যার পাশে সীতা নেই। যার পাশে লক্ষ্মণ নেই। এ একেবারে সেই রামের দোকানের মতো রাম। যেখানে শুধু আলাদা তাকে রাম আছে। অন্য তাকে হু’ই’স্কি আছে। এরা রামের সর্বনাশ করছে”।

উদয়নের কথায়, তিনি রামের মূর্তির সামনে কখনও প্রণাম করেছেন বলে তাঁর মনে পড়ে না। এমনকি, পাড়া-প্রতিবেশী বা আত্মীয়দের কারোর বাড়িতেই রামের মূর্তি দেখেন নি তিনি, এমনটাই জানান উদয়ন গুহ। বলেন, “আমরা কখনও রামকে দেবতা বলে প্রণাম করিনি। জানতাম তিনি দশরথের পুত্র, পিতৃসত্ত্ব পালনে ১৪ বছরের জন্য বনে গিয়েছিলেন”।

পাল্টা তোপ বিজেপির

তৃণমূল মন্ত্রীর এহেন মন্তব্যকে মোটেই ভালোভাবে নেয়নি পদ্ম শিবির। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী উদয়ন গুহর এহেন মন্তব্যের কটাক্ষ করে বলেন, “ম’দের সঙ্গে রামের তুলনা এঁদের দ্বারাই সম্ভব। মানুষের ভাবাবেগের কোনও তোয়াক্কা করে না তৃণমূল। উদয়নবাবুর এই বক্তব্য থেকে স্পষ্ট যে নিজের ধর্ম সংস্কৃতি সম্পর্কে কোনও জ্ঞানই নেই তাঁর। শুধু ক্ষমতার দম্ভ আর নেত্রীর পদলেহনই তাঁর জীবনের উদ্দেশ্য”।

কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসঙ্গ টেনে বিজেপি বিধায়ক বলেন, “আমরা সর্বত্র রাধা-কৃষ্ণকে যুগলে দেখি। কিন্তু মদনমোহন মন্দিরে মদনমোহনদেব একা। তাই নিয়ে কি কেউ কখনও এমন তীর্যক মন্তব্য করেছেন। সেখানে গিয়ে তো মাথা কোটেন উদয়নবাবু”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles