ভাটপাড়ার সমবায় ব্যাংক দুর্নীতি তদন্তে এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়িতে তল্লাশি চালাতে পৌছল ভাটপাড়া ও জগদ্দল থানার পুলিশ। এমনকি অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিংকেও গ্রেফতার করার চেষ্টা চালায় পুলিশ। অভিযোগ উঠেছে কোনরকম পরোয়ানা ছাড়াই এসেছিলেন পুলিশ অফিসাররা। যদিও অর্জুন সিং এর বাড়ির সামনে মোতায়েন থাকা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা পুলিশ অফিসারদের ঢুকতে দেননি।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি সাংসদ। তিনি জানিয়েছেন, “আবার আমার বাড়িতে পুলিশি হামলা হয়েছে। কোনরকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ কী করে আমার বাড়িতে আসতে পারে? মামলায় যদি জোর থাকে তাহলে পুলিশ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট কেন বার করতে পারেনি?”
অর্জুন সিং আরও দাবি করেছেন যে পুলিশের পক্ষ থেকে তাঁকে খুন করার চক্রান্ত হচ্ছে, এর আগেও তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছে পুলিশ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, রাজ্যের পুলিশ মূর্খামি করছে, মমতা ব্যানার্জির তামাক খেয়ে সব করে বেড়াচ্ছে পুলিশ।
আবার শাসক শিবিরের পক্ষ থেকে ব্যারাকপুরের বিজেপি সাংসদের অভিযোগ খর্ব করা হয়েছে। জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, “পুলিশ তাদের মত কাজ করবেন। আমরা কিছু বলতে পারি না, আইন আইনের পথে চলবে।”
যদিও বিজেপি যে এই ঘটনাকে ভালো চোখে দেখছে না তা তাদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট। বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় হুঁশিয়ারি দেন, “অর্জুন সিং ও তার বিধায়ক ছেলেকে পুলিশ এনকাউন্টার করতে পারে। মমতাজি, পুলিশ তেমন কিছু করলে ফল ভয়ানক হবে।”





