মেলায় ‘মত কি কুয়া’য় ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ‘মত কি কুয়া’ য় উপর থেকে নিচে পড়ে গেলেন এক মোটর সাইকেল চালক। এই ঘটনায় আহত ১০ জন দর্শক। ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার আসানসোলের সালানপুরে মুক্তাইচণ্ডী মেলায়। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
আসানসোলের সালানপুরে অন্যতম বড় মেলা হল এই মুক্তাইচণ্ডী মেলা। আর সেই মেলাতেই গতকাল সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ‘মত কি কুয়া’র চারপাশে দ্রুত গতিতে ঘুরছিল মোটর সাইকেল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায় একটি বাইক।
এর জেরে নিচে দাঁড়িয়ে থাকা ১০ জন দর্শক আহত হন। কমিটি ও পুলিশ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠান। ৬ জনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলেও ৪ জনকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় বলে খবর। এই দুর্ঘটনার জেরে মেলা প্রাঙ্গণে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়।
জানা যায়, গতকাল, রবিবার মেলা প্রাঙ্গণে প্রচুর ভিড় হয়েছিল। মেলায় ‘মত কি কুয়া’র শো চলাকালীন আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দ্রুতগতিতে মোটর সাইকেল চালাতে থাকা চালক। উপর থেকে মোটর সাইকেল ছেড়ে ‘মত কি কুয়া’র মধ্যে পড়ে যায় চালক। দ্রুতগতিতে চলতে থাকা মোটর সাইকেলটি দর্শকদের মাঝে আছড়ে পড়ে।
আর এরে জেরেই এক মহিলা ও শিশু-সহ মোট ১০ জন আহত হন। এই ঘটনার পর তুমুল হইচই পড়ে যায় মেলা প্রাঙ্গণে। মেলা ছেড়ে পালাতে থাকেন দর্শনার্থীরা। পুলিশ ও মেলার উদ্যোক্তারা তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় বড় নাগরদোলা ও ‘মত কি কুয়া’র শো। জানা যায়, এরপর ধীরে ধীরে মেলা স্বাভাবিক ছন্দে ফেরে।






