জেলা হাসপাতালে ফিনাইলের বোতলে ফিনাইলের বদলে জল সরবরাহ করার অভিযোগ উঠল। জলপাইগুড়ির হাসপাতালে এহেন কাজকর্ম চলছে দাবী করে রাজ্য সরকারের দিকে আঙুল তুলল বিজেপি। সাংবাদিক সম্মেলন করে বিজেপির দাবী, ফিনাইলের বোতলে করে যা পাঠানো হচ্ছে, তা আসলে ফিনাইল নয়, তা নাকি আসলে জল।
গতকাল, সোমবার দুপুরে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত বিজেপির জেলা কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন দলের জেলা সভাপতি বাপি গোস্বামী। এই বৈঠকে দলের অন্যান্য নেতারাও ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁদের সামনে রাখা ছিল স্বাস্থ্য দফতরের পাঠানো নীল রঙের ফিনাইলের বোতল।
অভিযোগ, ফিনাইলের বোতলে ফিনাইলের বদলে রাজ্য সরকার জল পাঠিয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করছে। বিজেপির অভিযোগ, স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্র সরকারের পাঠানো টাকার অপব্যবহার করা হচ্ছে। জেলায় জেলায় কেন্দ্রের টাকা লুঠ করা হচ্ছে। এই বিষয়ে বাপি গোস্বামী উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক আধিকারিক সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
যদিও সুশান্ত ঘোষ এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, “জেলার ওষুধ সংক্রান্ত তথ্য জেলার স্বাস্থ্য আধিকারিকদের কাছে থাকে। তাঁরাই বলতে পারবেন ফিনাইলের বোতলে কী আছে”।
অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ফিনাইলের বোতলে যে তরল দেখা যাচ্ছে, তা আসলে সোডিয়াম হাইপোক্লোরাইট। সেটি জলের মতোই দেখতে বিশেষ তরল। মেডিক্যাল কলেজের উপ-অধ্যক্ষ ডঃ কল্যাণ খাঁ বলেন, “যে জারের ছবি আমি দেখলাম, তা ফিনাইলের জার নয়। তাতে সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশন রয়েছে। জীবাণুমুক্ত করার জন্য এই বিশেষ তরল কাজে লাগে। এ ব্যাপারে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে”।





