এসএসসি-তে মোট কতজনের বেআইনি নিয়োগ হয়েছে, সিবিআইকে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, জানাতে হবে আগামীকালই

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য উত্তাল। এই ঘটনায় শাসকদলের একাধিক নেতার নাম জড়িয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটের প্রধানকে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তে বেশ কিছু জায়গা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, সিবিআই বলছে ৮,০০০-এর মতো ভুয়ো নিয়োগ হয়েছে। কিন্তু প্রকৃত সংখ্যাটা কত? কতজন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। কতজনের নম্বর বাড়ানো হয়েছে? তার তালিকা কি তৈরি করেছে সিবিআই? তালিকা তৈরি হলে তা কি এসএসসি-র হাতে তুলে দেওয়া হয়েছে? এদিন ফের বিচারপতি প্রশ্ন করেন, কবে শেষ হবে তদন্ত?

গতকাল, সোমবারও বিচারপতি গঙ্গোপাধ্যায় তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, “লোক কোথায়? আরও আধিকারিককে তদন্তে লাগাতে হবে। দরকার হলে আমি নির্দেশ জারি করব”। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য সিবিআই আধিকারিকদের নিয়ে সিট গঠন করে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই।

তবে এর আগেও সেই সিটের উপরে অনাস্থা প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এমনও বলেছিলেন, “সুড়ঙ্গের শেষে আলো আমি দেখতে পাচ্ছি না। আসল অপরাধী কে তা সবাই জানে। কিন্তু আমার জীবদ্দশায় সে শাস্তি পাবে বলে মনে হয় না”।

এবার ফের একবার সিবিআইয়ের কাছে জবাব চাইলেন বিচারপতি। এই মামলায় সিবিআইয়ের সিটের প্রধানকে আগামীকাল, বুধবার আদালতে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল দুপুর ২টোর মধ্যে তাঁকে এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার গতিপ্রকৃতি জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED Articles