শীত বঙ্গে ঢুকল বলে। মাঝ নভেম্বরেই রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেল ১০-এর নিচে। আজ, মঙ্গলবার কলকাতাতেই তাপমাত্রার পারদ নেমে গেল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। আর এর জেরেই শীতের আমেজ। পুরুলিয়ায় এক ধাক্কায় তাপমাত্রা কমে গিয়েছে ১০-এর নিচে। আগামী কিছুদিন এমনই আবহাওয়া থাকবে বঙ্গে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ উষ্ণতা ২৯.৪, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ পুরুলিয়ার তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এটাই মরশুমের শীতলতম দিন।
অন্যদিকে, আজ, মঙ্গলবার বাঁকুড়ায় তাপমাত্রার পারদ নেমেছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল, সোমবার ছিল এখানে তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি। তাৎপর্যপূর্ণভাবে শীতের প্রথম ধাক্কায় উত্তরবঙ্গের কালিম্পংকেও পিছনে ফেলে দিয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমেই কমছে।
আজ আকাশ একেবারে পরিষ্কার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টি হয়নি। ঝলমলে রোদের মধ্যেই শীত বিরাজমান। নিম্নচাপ যদি এর মধ্যে বাধা না হয়ে দাঁড়ায়, তাহলে বঙ্গে শীত প্রায় চলেই এল বলা যায়।
হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা কেটেছে। সেই কারণেই শীতের আগমন ঘটছে। হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই পারদের পতন দেখা গিয়েছে। পূর্বাভাস জানানো হয়েছিল যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহলের জেলাগুলির পাশাপাশি দুই বর্ধমানেও শীতের আমেজ টের পাওয়া যাবে। আর তাই-ই সত্যি হল। পুরুলিয়া ও বাঁকুড়ার তাপমাত্রা নেমে গেল বেশ খানিকটা। হাওয়া অফিস জানাচ্ছে, গোটা বঙ্গেই আগামী চার থেকে পাঁচ দিন এমনই আবহাওয়া থাকবে।





