বর্তমান শাসক দলের সবথেকে বড় বিপক্ষ দলের কর্মী তিনি। আর সেটাই তাঁর দোষ। সেই অপরাধের জন্য শাস্তি দিল তৃণমূল। বিজেপি করায় কর্মীকে মারধর ও সর্বাঙ্গে কামড়ানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার কাছে বটগ্রামে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়।
ঘটনাটি কি? অভিযোগ উঠেছে, স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা তুলে বাজার করতে যাওয়ার সময় আউসগ্রামের ওই আক্রান্ত বিজেপি কর্মীর ওপর হামলা চালায় তৃণমূলের লোকজন। বাইক থেকে নামিয়ে বাপন শেখ নামের বিজেপি কর্মীকে মারধর করে হামলাকারীরা। বাপনের অভিযোগ, শরীরের বহু জায়গায় কামড়ে দেয় তৃণমূলের লোকজন। পরে এই ঘটনার প্রতিবাদ করে থানায় অভিযোগ জানায় বিজেপি।
আক্রান্ত ওই কর্মী জানিয়েছেন, ওইদিন জনা পাঁচেক তৃণমূল কর্মী তাঁর বাইক আটকায়। কেন সে বিজেপি করে, তা জানতে চায় হামলাকারীরা। এরপরই বুকে, হাতে ,গলায় কামড়াতে থাকে। এলাকায় ভিড় বাড়লে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রাই তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে এটা কোনও একটা ঘটনা নয়। বিজেপির অভিযোগ, স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন খানাকুল বিধানসভার ২৪৫ নং বুথের কার্যকর্তা সুদর্শন প্রামানিক। গুরুতর আহত হয়েছেন স্থানীয় মন্ডলের সাধারণ সম্পাদক সরজিৎ সামন্ত। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।





