আগামীকাল বন্‌ধের ডাক বিজেপির, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি গেরুয়া শিবিরের মহিলা মোর্চার, ঘোষণা সুকান্তের

আর জি কর কাণ্ডের জেরে ফুঁসছে গোটা বাংলা-সহ দেশ। গতকাল, বুধবার মধ্যরাতে রাতের দখল নিয়েছিলেন মহিলারা। আর জি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন মহিলারা। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা রাজ্য। এসবের মধ্যেই এবার বন্‌ধের ডাক দিল বিজেপি। শুধু তাই নয়, তাদের তরফে নেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের উদ্যোগও।

আর জি করের ঘটনায় প্রথম থেকেই শাসক দলের বিরুদ্ধে সওয়াল করে এসেছে বিজেপি। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবী তুলেছিলেন। এই ঘটনার জেরে বিক্ষোভ, প্রতিবাদ চলছে। গতকাল, বুধবার রাত দখলের কর্মসূচির মধ্যেই হামলা হয় আর জি করে। ভাঙচুর করা হয় জরুরি বিভাগ। আক্রমণ করা হয় চিকিৎসকদের উপর। এবার ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছে বিজেপিও।

আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আগামীকাল, শুক্রবার আর জি করের হামলার ঘটনার প্রতিবাদে রাজ্যের নানান প্রান্তে হবে অবরোধ। সুকান্তর কথায়, আগামীকাল, সকালে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি। এরপর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

এদিনে বিজেপি নেতা আমজনতার উদ্দেশে বলেন যাতে সকলে এই ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। যদিও সকলকে এই কর্মসূচি করতে জোর করা হয়নি। আর্জি জানান বিজেপি রাজ্য সভাপতি। এই ২ ঘণ্টা রাজ্যের নানান জায়গায় অবরোধ করা হবে বলে জানান তিনি। এদিনের এই কর্মসূচিতে অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা প্রমুখরা।

শুধুমাত্র এই অবস্থান বিক্ষোভ বা কর্মবিরতিই নয়, এদিন ৪টের পর শুরু হবে বিজেপি মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি। সুকান্ত জানিয়েছেন, এদিন হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এই কর্মসূচিতে সকলকে পাশে থাকার বার্তাও দেন সুকান্ত।

RELATED Articles