এক সপ্তাহের মধ্যে বিচ্ছিন্ন দুই ঘটনায় দু’টি মৃত্যুর ঘটনা। এর জেরে অশান্তির প্রতিবাদে এবার উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিল বিজেপি। আগামীকাল, শুক্রবার হবে এই বন্ধ। আজ, বৃহস্পতিবার রায়গঞ্জে নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।
আগামীকাল, শুক্রবার উত্তরবঙ্গের ৭ জেলায় বন্ধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। এই বন্ধের প্রভাব বেশ ভালোভাবেই পড়বে বলে মনে করা হচ্ছে। এই বন্ধের বিরোধিতা করেছে তৃণমূল। তাদের মতে, বন্ধ মানে জনগণের সমস্যা, তাই তারা এই বিরুদ্ধে। এই মুহূর্তে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে উত্তরবঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরের মাঝেই বন্ধের ডাক বিজেপির।
গত শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে উদ্ধার হয় এক আদিবাসী নাবালিকার মৃতদেহ। তাকে ধ’র্ষ’ণ করে খু’ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাজ্যর নানান প্রান্তে এই ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি। তবে পুলিশের দাবী, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ওই নাবালিকার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। ধ’র্ষ’ণের কোনও প্রমাণ মেলেনি।
এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে সামনে আসে এক ভিডিও। যাতে দেখা যায় পুলিশ কর্মীরা নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তা নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অভিযুক্ত চার পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় এখনও উত্তেজনা চলছে কালিয়াগঞ্জে। ৩০শে এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ।
এই চাপানউতোরের মাঝেই গতকাল, বুধবার পুলিশি অভিযানে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় নামে এক যুবকের। বুধবার রাতে পুলিশ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুর গ্রাম অভিযান চালায়। আসামী ধরতে সীমান্তবর্তী গ্রামটিতে অভিযান করে পুলিশ। সূত্রের খবর, সেই সময় পুলিশকে বাধা দেয় মৃত্যুঞ্জয়। এর জেরে পুলিশ গুলি চালায়। একটি গুলি লাগে মৃত্যুঞ্জয়বাবুর দেহে। তাঁকে দ্রুত কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তবে এর সঙ্গে কালিয়াগঞ্জ থানায় তাণ্ডবের ঘটনার কোনও যোগ রয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। কারণ, কালিয়াগঞ্জ থানায় তাণ্ডবকারীদের খোঁজে গতকাল তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সূত্র ধরেই কি রাধিকাপুরে অভিযান, তাও এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের গুলিতে যুবকের মৃত্যুতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। এরপরই উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিল বিজেপি।





