হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আগামিকাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক রাজ‍্য বিজেপি-র!

আজ সকালে ঘটে যাওয়া হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আগামিকাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিল রাজ‍্য বিজেপি। পাশাপাশি বুধবার রাজ্যের থানাগুলি ঘেরাও, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হওয়া-সহ একগুচ্ছ কর্মসূচি নিচ্ছে শাসক শিবির। সোমবার সকালে গেরুয়া শিবিরের এই বিধায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিজেপির জাতীয় এবং রাজ্যস্তরের নেতানেত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ‘গুন্ডারাজ’-এর অভিযোগ তুলেছেন তাঁরা। একইসঙ্গে মৃত্যুর ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার দাবিও জানানো হয়। যদিও সেই দাবি ন‍স‍্যাৎ করে সিআইডির হাতেই তদন্তভার সঁপেছে রাজ্য।

এরইমধ্যে সোমবার দুপুরে মুরলীধর সেন রোডে রাজ্য বিজেপির সদর দফতর থেকে যোগাযোগ ভবন পর্যন্ত মৌন মিছিল করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা-সহ প্রমুখরা। মিছিল শেষে নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেন তাঁরা।

পরে রাজ্য বিজেপির সভাপতি জানান, রাজ্যে ‘আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক হিংসা’-র প্রতিবাদে আগামিকাল সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় বনধ ডাকা হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষকে বনধ পালনের জন্য জোর করা হবে না। বনধ সফলের জন্য মানুষকে আহ্বানও জানান তিনি। বনধের পাশাপাশি এই বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। বিজেপির তরফে জানানো হয়েছে, বুধবার রাজ্যের সমস্ত থানাগুলিতে বিক্ষোভ দেখানো হবে।

RELATED Articles

Leave a Comment