এর আগে একাধিক তৃণমূল নেতানেত্রীদের দেখা গিয়েছে সংবাদমাধ্যমের উপর চড়াও হতে। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে নানান কটুবাক্য বলেছেন তারা। এবার এই দলে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও (Abhijit Ganguly)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাদের ভর্ৎসনা করলেন তিনি।
ঠিক কী ঘটেছিল?
গতকাল, মঙ্গলবার নন্দকুমারে ভীম মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেখানেই মন্দির থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কোনও এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, পুজো দিতে এসে তাঁর অনুভূতির কথা। এই প্রশ্নেই বিরক্ত হন বিজেপি প্রার্থী। বলে বসেন, “আপনারা কি ভালো করে প্রশ্নও করতে পারেন না”? এরপর তাঁর সংযোজন, “একটি নির্দিষ্ট বিষয় তুলুন, তার উপর প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারব”।
নির্বাচনে লড়াইয়ের জন্য বামেরা যে অর্থ সংগ্রহ করছে, সেই উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হলে কোনও উত্তর দেন নি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সাংবাদিকদের ভর্ৎসনার সুরে তিনি বলেন, “একটা প্রশ্ন তৈরি করুন। একটা প্রশ্ন তৈরি করতেও শিক্ষা লাগে”। বেশ বিরক্তি নিয়ে তাঁকে বলতে শোনা যায়, “সারাক্ষণ কী বলবেন মানে? আমি কিচ্ছু বলব না”।
ভোটের প্রাক্কালে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতির মুখে এহেন ভর্ৎসনার ঘটনাকে হাতিয়ার করতে সময় ব্যয় করে নি তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এই মন্তব্যের প্রেক্ষিতে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, “উনি নির্বাচনে লড়তে আসার পর থেকেই খারাপ ভাষার ফোয়ারা ছোটাচ্ছেন। যদিও আমি লড়তে আসার পর থেকে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এসেছি”। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এই অহংকার, এই ঔদ্ধত্য বেশিদিন টিকবে না… গোটা পৃথিবী অশিক্ষিত। একমাত্র শিক্ষিত ব্যক্তি হচ্ছেন উনি..”।
অন্যদিকে এই বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের ব্যাখ্যা, “যিনি উত্তর দেবেন তাঁরও অধিকার রয়েছে প্রশ্নকর্তা কী প্রশ্ন করছেন সেটা বুঝে নেওয়ার। এর সঙ্গে ঔদ্ধত্য বা অহংকারের কোনও সম্পর্ক নেই। আমি যে উত্তর দেব, সেই প্রশ্নটাই যদি না বুঝি, তাহলে উত্তর কেমন করে দেব! তাঁর সঙ্গে যতবার কথা বলেছি, ততবারই আমার মনে হয়েছে অভিজিৎবাবু অত্যন্ত বিনয়ী, সজ্জ্বন একজন ভদ্রলোক। তিনি মানুষের সঙ্গে খুব ভালো করেই কথা বলেন”।
বলে রাখি, সাংবাদিকদের উপর রাজনৈতিক নেতাদের চড়াও হওয়া নতুন কোনও ঘটনা নয়। কিছুদিন আগেই এক ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক মহিলা সাংবাদিকের দিকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন। আবার সৌগত রায়কেও দেখা গিয়েছে সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারাতে। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন সদ্য রাজনীতিতে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।





