বঙ্গ বিধানসভা নির্বাচনের আজ শেষ দফা। ভোট হচ্ছে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে। সকাল থেকে আসছে একের পর এক ভোট হিংসার খবর।
এবার আক্রান্ত হলেন বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা। ব্যাপক ভাঙচুর চালানো হয় তার গাড়িতে বলে অভিযোগ। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাঁর গাড়ির কাঁচ l
আরও পড়ুন- বলিউডের মানবিক মুখ, ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন অক্ষয়-টুইঙ্কেল জুটি!
যথারীতি এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি নেতা এই ঘটনায় সরাসরি আঙুল তুলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
ঠিক কী ঘটে এদিন? আক্রান্ত ওই বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার অভিযোগ, আমাদের এজেন্টকে ওঁরা বের করে দিয়েছিল। এজেন্টকে বসাতে গিয়েছিলাম আমি। সেই সময় আমার গাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করে। আমার লোকজনকেও তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা মারধর করেছে।
আরও পড়ুন- ‘এর আগে এত শান্তিপূর্ণ ভোট কোনওদিন দেখিনি’ সকাল সকাল ভোট দিলেন মিঠুন চক্রবর্তী
তাঁর অভিযোগ, পুরোটাই ঘটেছে প্রশাসনের মদতে। ওঁরা যখন আমার গাড়ি ভাঙচুর করে তখন প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। কমিশন আজ কী করছে? সাধারণ মানুষ আজ কী করবে? প্রায় ৩০০জন হার্মাদ এদিন ছিল। পুলিশ, প্রশাসন কোনও বাধা দেয়নি। তাঁর শরীরেও ইটের আঘাত লেগেছে বলেও অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। বিজেপির দাবি একেবারে পরিকল্পিতভাবে এদিন হামলা চালানো হয়। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছে। কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি। মূলত ভোটের দিন বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরির জন্য এটা করা হয়েছে। তবে এই সন্ত্রাস করে বিশেষ কিছু হবে না। মানুষই ভোটের মাধ্যমে এর জবাব দেবেন।
তবে যথারীতি হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।





