সামনেই বিধাননগর পুরনিগমে রয়েছে নির্বাচন। আজ, সোমবার সমস্ত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিন মনোনয়ন জমা দিতে নানা রাজনৈতিক দলের প্রার্থীরা হাজির হন বিধাননগর প্রশাসনিক ভবনের সামনে। কিন্তু মনোনয়ন জমা দেওয়া নিয়ে বাঁধে বিশৃঙ্খলা।
বিজেপি প্রার্থীরা অভিযোগ করেন যে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল প্রার্থীরা অগ্রাধিকার পাচ্ছেন। তৃণমূল প্রার্থীদের আগে সুযোগ দেওয়া হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে।
বিজেপি প্রার্থীদের অভিযোগ তারা ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করে যাচ্ছেন প্রশাসনিক ভবনের সামনে। কিন্তু তাদের মনোনয়ন জমা নেওয়া হচ্ছে না। অন্যদিকে, তৃণমূল প্রার্থীরা আসছেন ও একের পর এক মনোনয়ন জমা দিয়ে চলে যাচ্ছেন। এমন দ্বিচারিতা কেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থীরা। এই ঘটনায় বিধাননগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভও দেখান তারা। এর জেরে বেশ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বিধাননগর প্রশাসনিক ভবনের সামনে।
এদিকে, মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় করোনা বিধি ভাঙার অভিযোগ উঠল বিধাননগর পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জয়দেব নস্করের বিরুদ্ধে। অভিযোগ তিনি মিছিল করে মনোনয়ন জমা দিতে যান।
রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা হয়েছে। এরই মধ্যে নিয়ম ভাঙলেন তৃণমূল প্রার্থী জয়দেব নস্কর। শহরবাসীকে সচেতন করতে পুলিশ মাইকিং শুরু করলেও তাতে আমল দেন নি জয়দেব নস্কর। এমনই অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
জানা গিয়েছে, বিধাননগর মহকুমা শাসকের দফতরের সামনে তৃণমূল প্রার্থী মিছিল করে মনোনয়ন জমা দিতে যান। এই মিছিলের বেশিরভাগ মানুষের মুখেই ছিল না মাস্ক। এমনকি খোদ তৃণমূল প্রার্থী জয়দেব নস্করের মুখেও মাস্ক দেখা যায়নি। বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তাদের আটকায়। এরপর প্রার্থী একাই মনোনয়ন জমা দেন।





