‘চড়াম চড়াম’ ঢাক সাথে গুড়-বাতাসা, গরু পাচারকাণ্ডে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই পথচলতি মানুষকে গুড়-বাতাসা বিলিয়ে উল্লাস বিজেপির

লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট, প্রত্যেক বুথে গুড়-বাতাসা, নকুলদানা খাওয়ানোর নিদান দিয়েছিলেন তিনি একসময়। শুধু তাই-ই নয়, চড়াম চড়াম ঢাক বাজিয়ে বিজেপিকে বাংলা থেকে বিদায় করার কথাও বলেছিলেন তিনি। আর এখন তিনি নিজেই সিবিআইয়ের হাতে গ্রেফতার। এবার তাই তাঁর সেই প্রিয় গুড়-বাতাসা  দিয়েই গোটা বাংলায় উল্লাসে মাতল বিজেপি।

আজ, বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর এরপরই যেন বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপি। রাজ্যের নানান প্রান্তে পথচলতি মানুষকে গুড়, বাতাসা, নকুলদানা খাইয়ে ‘চড়াম চড়াম’ ঢাক বাজিয়ে উদযাপন করতে দেখা গেল গেরুয়া শিবিরকে।

এদিন অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই বিজেপি নেতা কল্যাণ চৌবের নেতৃত্বে কলকাতার রাস্তায় বেরিয়ে গুড়, বাতাসা, নকুলদানা বিলি করে বিজেপি। আবার বউবাজারের ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড়েও বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে গুড়, বাতাসা বিলি করা হয়। বাসে বসে থাকা মানুষ থেকে পথচলতি জনতাদের নকুলদানা দেন বিজেপির নেতা-কর্মীরা। বিজেপি কর্মীদের হাত থেকে অনেকেই নকুলদানা নেন আবার অনেকেই অস্বীকার করেন।

আবার আসানসোলের কোর্ট মোড় এলাকায় রাস্তায় নেমে পথচারী থেকে বাসযাত্রী, বাইক আরোহী, গাড়ির চালকদেরও গাড়ি থামিয়ে গুড়-বাতাসা, নকুলদানা খাওয়ালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিজেপি নেতা-কর্মী ও মহিলা মোর্চার সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ শানিয়ে অগ্নিমিত্রা বলেন, “আমরা অনুব্রত মণ্ডলকে স্বাগত জানানোর জন্য কোর্ট মোড়ে গুড়-বাতাসা, নকুলদানা হাতে দাঁড়িয়ে রয়েছি। অনুব্রতর পুলিশকে বোম মারব মন্তব্য তুলে ধরে অগ্নিমিত্রা পল বলেন, হাজার-হাজার মানুষের মৃত্যু, মহিলাদের ধর্ষণের জন্য দায়ী তৃণমূলের সন্ত্রাসের মুখ তিনি। তাঁকে সিবিআই ধরেছে। তাঁকে স্বাগত জানানোর জন্য আমরা মিষ্টিমুখ করছি”।

অন্যদিকে মেদিনীপুরেও দেখা যায় এই একই ছবি। পঞ্চুরচক এলাকায় গুড়, বাতাসা, নকুলদানা বিলি করে বিজেপি। পথচলতি মানুষের উদ্দেশে বিজেপি নেতারা বলেন যে অনুব্রত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন। সেই আনন্দে তাঁর বলা গুড়, বাতাসা বিলি করা হচ্ছে। মানুষের উদ্দেশে বিজেপির আহ্বান, “আপনারাও গুড়, বাতাসা খেয়ে আনন্দ সামিল হন”।

এদিন মেদিনীপুর শহরে যখন বিজেপি নেতারা গুড়-বাতাসা খাইয়ে উল্লাসে মেতেছিলেন, ঠিক সেই সময়ই ওই সেখান দিয়ে যাচ্ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা সৌমেন খান। বিজেপি নেতারা তাঁকেও গুড়-বাতাসা খাওয়ালেন। যদিও সৌমেন খান বা তৃণমূলের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

RELATED Articles