‘পিসির পিছনে সিবিআই লাগাতেই কুণালকে সিজিও কমপ্লেক্স পাঠিয়েছে অভিষেক’, কুণালের সিজিও কমপ্লেক্স যাত্রা নিয়ে বিস্ফোরক দাবী বিজেপির

আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। চারিদিকে প্রতিবাদমুখর আমজনতা। দোষীদের শাস্তির দাবী তুলেছেন সকলে। এই ঘটনার তদন্ত করছে সিবিআই। সন্দীপ ঘোষকে তিনদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আজ, সোমবার আচমকাই সিজিও কমপ্লেক্সে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর জি কর কাণ্ডের তথ্য নিয়ে যান তিনি। আর তা নিয়েই এবার খোঁচা দিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।

এদিন সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে কুণাল ঘোষ জানান, আর জি কর কাণ্ডের কিছু তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিতে এসেছেন তিনি। সেই প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, “কুণালবাবু নারদের ভূমিকা পালন করছেন। কুণাল ঘোষকে যিনি জেলে পুরেছিলেন তিনি আজ রাজ্য পুলিশের ডিজি। আর তখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হাত ধরে কুণাল ঘোষের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে। তার পর থেকে কুণাল ঘোষকে সবাই তৃণমূলের লোক বলেই জানে”।

তাঁর সংযোজন, “কুণাল ঘোষ যদি আর জি করে সন্দীপ ঘোষের নেতৃত্বে হওয়া দুর্নীতি নিয়ে সরব জুনিয়ার ডাক্তারদের বক্তব্য যদি সিজিও কমপ্লেক্সে তুলতে যায়, তাহলে বুঝতে হবে ভাইপো কুণাল ঘোষকে দিয়ে পিসির বিরুদ্ধে তথ্য সিবিআইকে পাঠাচ্ছে। ভাইপো পিসির বিরুদ্ধে সিবিআইকে সক্রিয় করছে”।

প্রসঙ্গত, এদিন সকালে সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, তিনি নিজের একটা কাজে সিজিও কমপ্লেক্সে এসেছেন। তিনি এও জানান, আর জি করের জুনিয়র চিকিৎসকরা কিছুদিন আগেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। আর জি কর নিয়ে বেশ কিছু তথ্য তারা তাঁকে দিয়েছেন। সেই তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেবেন তিনি।

কুণালের কথায়, আর জি কর নিয়ে যে সমস্ত তথ্য তাঁকে জুনিয়র চিকিৎসকরা তাঁকে দিয়েছেন, সেই চিকিৎসকরা এই ঘটনার সঙ্গে যুক্ত নন। ফলে সিবিআই তাদের তলব করবে না। সেই কারণে চিকিৎসকরা সেই তথ্য তাঁর হাতে দিয়েছেন যাতে তিনি সেই তথ্য সিবিআইয়ের কাছে পৌঁছে দিতে পারেন। চিকিৎসকরা চেয়েছিলেন যাতে এই তথ্য সিবিআইয়ের কাছে পৌঁছক। সেই কারণেই কুণালের মাধ্যমে তা সিবিআইয়ের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন তারা।

তিনি আরও জানান, এই তথ্য দেখে যদি সিবিআইয়ের মনে হয় তা তদন্তে সাহায্য করবে, তাহলে তা তারা খতিয়ে দেখতে পারে। যে চিকিৎসকরা এই তথ্য দিয়েছেন, তাদেরও তলব করতে পারেন তদন্তকারীরা, এমনটাই জানান কুণাল ঘোষ।

RELATED Articles