নিজের বুথেই বিজেপিকে ভোট দিতে পারবেন না দিলীপ ঘোষ, কেন এমন হল ঘটল হঠাৎ? কাকেই বা ভোট দেবেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি?

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শেষ হয়েছে মনোনয়ন পর্ব। আর মনোনয়ন শেষ হতে দেখা গেল ঝাড়গ্রামের একটু বুথে বিজেপির তরফে কোনও প্রার্থীই দেওয়া হয়নি। আর ঘটনাচক্রে সেই বুথটি হল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নিজের এলাকার বুথ অর্থাৎ এই বুথেই ভোট দেন তিনি। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই বুথে তো কোনও বিজেপি প্রার্থী নেই, তাহলে এবার কাকে ভোট দেবেন দিলীপ ঘোষ?

দিলীপ ঘোষ আসলে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা। সেখানে দু’টি বুথ রয়েছে। এর মধ্যে একটি বুথে ভোট দেন দিলীপ ঘোষ। আর ওই বুথেই কোনও প্রার্থী দিতে পারে নি বিজেপি। ওই কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩। বাকি ১২টি বুথে প্রার্থী দিয়েছে বিজেপি।

কিন্তু দিলীপ ঘোষের বুথে কেন কোনও প্রার্থী দেওয়া হল না, তা এখনও স্পষ্ট নয়। দিলীপ ঘোষ নিজেও এই বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি সংবাদমাধ্যমে জানান,  গত বছরেও ওই বুথে বিজেপি জিতেছিল। এবার কেন প্রার্থী নেই, তিনি জানেন না। তবে এই বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম বলেছেন, “সব জায়গায় প্রার্থী বাছাই হয়ে গিয়েছে বলেই শুনেছিলাম, কিন্তু দিলীপবাবুর বুথে যে প্রার্থী দেওয়া যায়নি, সেই বিষয় নিয়ে দলের কেউ আমাকে কিছু বলেন নি”।

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপির গোপীবল্লভপুরের মণ্ডল সভাপতি তাপস শুইয়ের বক্তব্য, “ওই একটি বুথ বাদ দিয়ে সব বুথেই প্রার্থী দেওয়া হয়েছে। ওই বুথ এলাকায় কিছু সমস্যা রয়েছে। সেই কারণে প্রার্থী ঠিক করেও মনোনয়ন দেওয়া হয়নি। তবে এ বারেও বিজেপির দখলেই থাকবে গ্রাম পঞ্চায়েত”।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে আক্রমণ শানাতে ছাড়ে নি তৃণমূল। তাদের কথায়, বিজেপির সংগঠন যে দুর্বল আর মানুষ যে বিজেপিকে মেনে নিচ্ছে না, এটাই তার প্রমাণ। ২০১৩ সালে এই কুলিয়ানা পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। তবে ২০১৮ সালে ১০টি আসনের মধ্যে ৮টি আসনে জেতে বিজেপি। কিন্তু এবার সেই বুথেই প্রার্থী না দিতে পারায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে।

RELATED Articles