উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি সহ তাদের নেতৃবৃন্দকে পান্জিপাড়া যেতে বাধা প্রদানের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কোন কারন ছাড়াই কেন তাদের পান্জিপাড়া যেতে দেওয়া হলোনা তার প্রতিবাদে সোমবার করনদীঘিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা ও কর্মীরা।
উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, জেলার পান্জিপাড়াতে দেবালয়কে অপবিত্র করা হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় মানুষ সড়ক অবরোধ করলে পুলিশ তাদের লাঠিপেঠা করে। মানুষের উপরে অত্যাচার করা হয়েছে। ১৪ জন নিরীহ মানুষকে অবৈধ ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃনমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীদের চাপে নির্দোষ মানুষকে ধরপাকড় করা চলছে। পুলিশের মারে দুজন বিজেপি কর্মী সংকটজনক অবস্থাতে রয়েছেন। পান্জিপাড়ার অত্যাচারিত মানুষদের পাশে দাড়াতে সোমবারে বিজেপির প্রতিনিধিদল পান্জিপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। দোমোহনাতে বিজেপি নেতাদের গাড়ী আটকে সেই যাত্রাতে বাধা দেয় পুলিশ। অবিলম্বে পান্জিপাড়ার ঘটনাতে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ করা হয়েছে।
করনদীঘি বিজেপির আইটি সেলের দ্বায়িত্বপ্রাপ্ত দীপঙ্কর দাস বলেন, দোমোহনাতে একজন পুলিশ আধিকারিক বিজেপি নেতাদের হুমকি দিয়েছেন।সেখানে বিজেপি আইটি সেল কর্মীর মোবাইল ফোন কেড়ে নেবার প্রয়াস চালানো হয়। এদিন করনদীঘিতে বিজেপির জাতীয় সড়ক অবরোধ স্থলে আসেন করনদীঘি থানার আইসি ধ্রুব প্রধান। তিনি অবরোধকারীদের বুঝিয়ে গাড়ী চলাচল স্বাভাবিক করেন।
বিজেপি সূত্রে জানা গেছে,মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে প্রতিকি অবরোধ তোলা হয়েছে। অবিলম্বে পান্জিপাড়ার ঘটনার অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা না হলে বন্ধ ডাকা হবে।





